অ্যান্ড্রয়েডে ব্যক্তিগত ওয়েব ব্রাউজিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের অনলাইন উপস্থিতি এবং পরিচয় আড়ালে রেখে নিরাপদে ওয়েবসাইট দেখার জনপ্রিয় একটি মুক্ত সফটওয়্যার টর। ডেস্কটপ কম্পিউটার থেকে টর ব্রাউজার (www.torproject.org) ব্যবহার করে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা স্বেচ্ছাসেবীদের প্রক্সি সার্ভারের মাধ্যমে কয়েকটা ধাপে এ নিরাপত্তার কাজটা করা হয়। এ তো গেল ডেস্কটপে অ্যানোনিমাস ব্রাউজিং সুবিধার কথা।
স্মার্টফোন বা ট্যাবলেট দিয়ে ব্যক্তিগতভাবে ওয়েবসাইট দেখা বা ব্রাউজিংয়ের জন্য রয়েছে Orbot নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। এই অ্যাপটি টর নেটওয়ার্ক ব্যবহার করে নিজস্ব প্রক্সি সার্ভারের মাধ্যমে নিরাপদ ওয়েব ব্রাউজিংয়ের সুবিধা দেবে। টর প্রক্সির কাজ হলো যন্ত্র থেকে ইন্টারনেটে আসা-যাওয়া করা তথ্যগুলো (ওয়েব ট্রাফিক) সাংকেতিকভাবে রূপান্তর বা এনক্রিপ্ট করে নিজের পরিচয় আড়াল করে তৃতীয় পক্ষের নজরদারি থেকে রক্ষা করা। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে http://goo.gl/E812M2 ঠিকানায়।
এটি ইনস্টল করে চালুর পর ভাষা নির্বাচন করে যেসব অ্যাপস ব্যবহার করবেন সেটি নির্বাচন করে দিন। তারপর পর্দার মধ্যে থাকা আইকনটি একটু চেপে ধরে রাখলেই যন্ত্রটি টর নেটওয়ার্কে যুক্ত হয়ে যাবে। এবার ফায়ারফক্সের মতো অ্যান্ড্রয়েড ব্রাউজার দিয়ে ব্যক্তিগত ওয়েব ব্রাউজিং করা যাবে। এ ক্ষেত্রে সুবিধাজনক হলো Orweb নামে আরেকটি অ্যান্ড্রয়েড ব্রাউজার। এটিও মুক্ত সফটওয়্যার, যা দিয়ে টর নেটওয়ার্কের পুরো সুবিধাটি পাওয়া যাবে। এভাবে যেকোনো বন্ধ করে রাখা ওয়েবসাইট দেখা বা নিজের পরিচয় গোপন রেখে ব্রাউজিং করা যাবে। Orweb অ্যান্ড্রয়েড অ্যাপটি নামানো যাবে গুগল প্লে স্টোরের http://goo.gl/kFxilZ ঠিকানা থেকে। এই অ্যাপের মাধ্যমে টর নেটওয়ার্ক ব্যবহার করা যাচ্ছে কি না সেটি পরীক্ষা করা যাবে। এ জন্য অরওয়েব ব্রাউজার চালু করে ওয়েব ঠিকানার ঘরে https://check.torproject.org লিখতে হবে। সবুজ রঙের একটি অভিনন্দনবার্তা দেখালে বুঝতে হবে এ ব্রাউজারের মাধ্যমে এখন ব্যক্তিগত ওয়েব ব্রাউজিং করা যাবে।
—মঈন চৌধুরী