অ্যান্ড্রয়েডে ভাইরাসের আক্রমণ বেশি!
গুগলের তৈরি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড বিনা মূল্যে ব্যবহার করা যায়। ওপেন সোর্স হওয়ায় সারা বিশ্বের বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানই অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। অ্যান্ড্রয়েড চালিত বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোনগুলোও বিশ্ব মাতাচ্ছে। তবে সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, ৭৯ শতাংশ ম্যালওয়্যার তৈরি হয় অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের জন্য! এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে নকিয়ার অপারেটিং সিস্টেম সিমবিয়ান এবং তৃতীয় স্থানে রয়েছে অ্যাপলের আইওএস। তবে আইওএসের জন্য ম্যালওয়্যার তৈরি হয় মাত্র ০.৭ শতাংশ। বিভিন্ন ধরনের ট্রোজান ভাইরাস মুঠোবার্তার মাধ্যমে স্মার্টফোনে প্রবেশ করে। বিশেষ করে অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণ ব্যবহারকারীরা এ ধরনের আক্রমণের শিকার হতে পারেন বেশি। এ ছাড়া অ্যান্ড্রয়েডের অ্যাপস স্টোর গুগল প্লেতে থাকা অনেক ভুয়া অ্যাপস কিংবা লিংক থেকেও ভাইরাস আক্রমণ হতে পারে। এসব ক্ষেত্রে সহজেই হ্যাকাররা নিজের ইউজার নেম, পাসওয়ার্ড চুরি করতে পারে।গবেষণায় দেখা গেছে, বর্তমানে প্রায় ৪৪ ভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এখনো অ্যান্ড্রয়েড ২.৩.৩—২.৩.৭ সংস্করণ ব্যবহার করছেন, বর্তমানে আরও উন্নত সংস্করণ রয়েছে। নিরাপত্তার এ দিক দিয়ে এগিয়ে আছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানায়, ৬০ কোটি আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীর মধ্যে ৯৩ শতাংশ ব্যবহারকারীই অ্যাপলের আইওএস ৬ অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন। খুব শিগগির আইওএস ৭ উন্মুক্ত হলে একই সংখ্যক ব্যবহারকারী এ সুবিধা নেবেন বলেও আশাবাদী প্রতিষ্ঠানটি। —বিবিসি অবলম্বনে কাজী আলম