অ্যান্ড্রয়েডে মাইক্রোসফট অফিস!
গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মের জন্য মাইক্রোসফট অফিস সফটওয়্যারের বিশেষ সংস্করণ তৈরি করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের বরাতে সিনেট জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য মাইক্রোসফট অফিস সফটওয়্যারের মোবাইল সংস্করণ আগামী বছর নাগাদ উন্মুক্ত করবে মাইক্রোসফট। আইওএস নির্ভর পণ্যগুলোতে ২০১৩ সালের মার্চ মাসে ও অ্যান্ড্রয়েডনির্ভর পণ্যের জন্য ২০১৩ সালের মে মাসে মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য তৈরি মাইক্রোসফট অফিসের এ অ্যাপ্লিকেশন বিনামূল্যেই ব্যবহার করা যাবে। এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মুঠোফোনেই মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল ব্যবহার করা যাবে। তবে এর জন্য মাইক্রোসফট অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। অ্যান্ড্রয়েড ও আইওএসের এ অ্যাপ্লিকেশনটি হবে রিড-অনলি অর্থাত্ ব্যবহারকারীরা তাদের ডকুমেন্টে ও প্রেজেন্টেশনে কোনো পরিবর্তন আনতে পারবে না। মাইক্রোসফটের ডিফল্ট পদ্ধতি ব্যবহার করতে হবে।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে আনতে পারে মাইক্রোসফট। ‘সারফেস’ ব্র্যান্ডের মাইক্রোসফট নির্মিতব্য পণ্যেও অফিস সফটওয়্যার থাকবে। পাশাপাশি উইন্ডোজ ফোন সফটওয়্যারের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোতেও মাইক্রোসফট অফিসের আলাদা সংস্করণ চালু করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।