অ্যান্ড্রয়েডে যুক্ত হচ্ছে ত্রিমাত্রিক মানচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনের জন্য গুগলের তৈরি মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের ঘোষণা দেওয়া হয়েছে গুগল প্রোগ্রামারদের বার্ষিক আই/ও সম্মেলনে। নতুন সংস্করণ জেলি বিনের নানা নতুন বৈশিষ্ট্যের ঘোষণাও দেওয়া হয়েছে সম্মেলনে। এর মধ্যে অ্যাপ্লিকেশনস (অ্যাপস) উন্নয়নের কথার পাশাপাশি ছিল গুগল আর্থ এবং গুগল ক্রোমের বিষয়টি। অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে ত্রিমাত্রিক মানচিত্র প্রযুক্তিসুবিধার জন্য গুগলে আর্থ অ্যাপকে ৭.০ সংস্করণে উন্নীত করা হয়েছে। এর ফলে গুগল আর্থের মাধ্যমে এখন চারপাশের দৃশ্যগুলো ৪৫ ডিগ্রি কোনে ওপর থেকে তোলা (এরিয়াল) ছবির সাহায্যে তৈরি হবে এবং সূক্ষ্ম ত্রিমাত্রিক উপাদানও চিহ্নিত করতে পারবে।নতুন এ সুবিধার ফলে ত্রিমাত্রিক রূপে দেখা যাবে বিশ্বের বেশ কয়েকটি শহর। শহরগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে, লরেন্স, লস অ্যাঞ্জেলেস, লং বিচ, বোল্ডার, বোস্টন, পোর্টল্যান্ড, সান অ্যান্টোনিও, সান ডিয়েগো, শ্যারল্যাট, সান্তাক্রুজ ও টাম্পা। এ শহরগুলোর বাইরে আন্তর্জাতিক পর্যায়ে একমাত্র রোমের মানচিত্রকে ত্রিমাত্রিক রূপ দেওয়া হয়েছে। এ ধরনের সুবিধা আরও নানা শহরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে গুগল। বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে থেকে গুগল আর্থের নতুন এ হালনাগাদ (আপডেট) ইনস্টল করে উপভোগ করতে পারবেন ত্রিমাত্রিক দেখার সুবিধা। এর পাশাপাশি অ্যাপলের আইওএস ব্যবহারকারীরাও খুব শিগগির অ্যাপ স্টোরে এ হালনাগাদসুবিধা পাবেন বলে জানা গেছে। —টেকক্রাঞ্চ ডট কম অবলম্বনে কাজী আশফাক আলম