অ্যান্ড্রয়েডে ‘লুজুন’ ও ‘ফিনফিশার’ ভাইরাস!
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনে ‘লুজুন’ ও ‘ফিনফিশার’ নামের দুইটি ভাইরাস ছড়িয়েছে। এফবিআই-এর ইন্টারন্যাশনাল ক্রাইম কমপ্লেইন্ট সেন্টার (আইসি৩) অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের এ দুটি ম্যালওয়ার সম্পর্কে সতর্কতা জারি করেছে।আইসি৩-এর সতর্কবার্তায় বলা হয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘লুজুন’ ও ‘ফিনফিশার’ নামের ম্যালওয়্যার দুইটি খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে বিজ্ঞাপনের মাধ্যমে ছড়ানো আশঙ্কা বেশি। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারের সময় কেবল ই-মেইল অ্যাড্রেস দিন এবং বাড়িতে বসে একদিনেই অনেক আয় করুন, এ জাতীয় বিজ্ঞাপনে ক্লিক করা হলে ‘লুজুন’ ভাইরাসের শিকার হতে হয়। এ ভাইরাসটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কন্টাক্ট নম্বরগুলো চুরি করে এবং মুঠোফোন নম্বরগুলো এলোমেলো করে ফেলে। ফিনফিশার ম্যালওয়্যারটিতে তথ্য চুরি করার পাশাপাশি মুঠোফোনটি দূর থেকে নিয়ন্ত্রণ করা এবং মুঠোফোন ব্যবহারকারীর ওপর নজরদারি করার পদ্ধতি যুক্ত রয়েছে।অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ভাইরাস থেকে সতর্ক থাকতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে আইসি৩। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের পরামর্শ হচ্ছে- স্মার্টফোন কেনার সময় ফিচার সম্পর্কে অবগত হওয়া এবং সেটিংস প্রয়োজন অনুযায়ী পাল্টে নেওয়া, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এনক্রিপশন চালু রাখা, অ্যান্টিভাইরাস ব্যবহার করা, অনিরাপদ ওয়াই-ফাই ব্যবহার না করা ও পাসকোড ব্যবহার করা।