অ্যান্ড্রয়েডের আরও একটি বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রয়েডনির্ভর পণ্য থেকে এখন ওয়েব ব্রাউজিং বেশি হচ্ছে
অ্যান্ড্রয়েডনির্ভর পণ্য থেকে এখন ওয়েব ব্রাউজিং বেশি হচ্ছে

বিশ্বের ৮৫ শতাংশ স্মার্ট পণ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহূত হলেও অ্যান্ড্রয়েডনির্ভর পণ্য থেকে ওয়েব ব্রাউজিং কম হয়। এখন থেকে আর প্রযুক্তি-বিশ্লেষকেদের এ অভিযোগ খাটবে না। তথ্য-বিশ্লেষক প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এখন ওয়েবেও অ্যান্ড্রয়েড ওএসের ব্যবহার আইফোন ও আইপ্যাডের আইওএস প্ল্যাটফর্মকে ছাড়িয়ে গেছে। ব্যবসা ও প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এ তথ্য প্রকাশ করেছে।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক দীর্ঘদিন ধরেই অ্যান্ড্রয়েড ওএসের সমালোচনা করে আসছেন। অ্যান্ড্রয়েড ট্যাবলেট থেকে ওয়েব ব্রাউজ কম হয় শুনে গত বছরও তিনি বলেছিলেন, ‘অ্যান্ড্রয়েড কেউ ব্যবহার করে না। আমি জানি না অন্য ট্যাবলেটগুলো কোথায় থাকে। হয়তো কোনো গুদামে পড়ে আছে বা দোকানের তাকে সাজানো রয়েছে কিংবা কেউ হয়ত তা ড্রয়ারে তালা-বন্দী করে রেখেছে।’

এখন থেকে আর অ্যান্ড্রয়েডের ব্যবহার নিয়ে মজা করতে পারবেন না টিম কুক। কারণ, আইওএসকে প্রথমবারের মতো পেছনে ফেলেছে অ্যান্ড্রয়েড। প্রযুক্তি-বিশ্লেষকেরা বলছেন, মানুষ এখন অ্যান্ড্রয়েড পণ্যে বেশি বেশি ইন্টারনেটে থাকছেন এবং অ্যান্ড্রয়েডের সঙ্গে বেশিক্ষণ থাকছেন। গবেষকেরা বলছেন, স্মার্টফোনের বাজারে এখন অ্যান্ড্রয়েডই ‘কিং’। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারের ৮৫ শতাংশ স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের স্মার্টফোন বাজারে অন্যান্য অপারেটিং সিস্টেমকে একেবারেই কোণঠাসা করে ফেলেছে গুগলের উন্মুক্ত এই অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে গত বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি স্মার্টফোন বাজারে এসেছে যার মধ্যে অধিকাংশই হচ্ছে অ্যান্ড্রয়েডনির্ভর।

গত বুধবার প্রকাশিত বাজার গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এবছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যান্ড্রয়েডের প্রতিদ্বন্দ্বী অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের বাজার দখল ২.২ শতাংশ কমে গেছে।


স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের নির্বাহী পরিচালক নেইল মাউসটন জানিয়েছেন, ‘স্মার্টফোন প্ল্যাটফর্মকে অ্যান্ড্রয়েড এখন প্রায় এক ঘোড়ার দৌড়ের পর্যায়ে নিয়ে এসেছে। সাশ্রয়ী দামের ভালো সার্ভিস ও ব্যবহার-বান্ধব সফটওয়্যার হওয়ায় বিশ্বের হার্ডওয়্যার নির্মাতা, অপারেটর ও গ্রাহকদের পছন্দের ওএস এটি। এখন অ্যান্ড্রয়েডকে ঠেকাতে প্রতিদ্বন্দ্বী ওএস নির্মাতাদের বৈপ্লবিক কোনো উদ্ভাবন করতে হবে।’