অ্যান্ড্রয়েডের জন্য ইন্টেলের চিপ
বিশ্বের সবচেয়ে বড় চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনটেল বলেছে, ট্যাবলেট পিসিতে ব্যবহার উপযোগী তাদের প্রসেসরগুলো চলবে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে। ইনটেলের প্রধান নির্বাহী পল ওটেলিনি গত মঙ্গলবার নিশ্চিত করেছেন, তাঁরা অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ হানিকম্বের প্রোগ্রামিংসংকেত গ্রহণ করেছেন। স্মার্টফোনগুলোতে আগামী ১২ মাসের মধ্যেই ইনটেলের চিপ ব্যবহার করা হবে। ইনটেল আরও জানায়, চলতি বছরের প্রথম চার মাসে তারা যা আয় করেছে তা গত বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি। পল ওটেলিনি জানান, তাঁরা ট্যাবলেট পিসিতে ইন্টেল চিপের বাজার পাওয়ার জন্য গুগল, মাইক্রোসফটের উইন্ডোজ সিস্টেম ও নকিয়ার মিগো প্লাটফর্মের সঙ্গে কাজ করছে। তিনি বলেন, ‘ট্যাবলেট পিসির অন্যতম বাজার ছিল জাপান। কিন্তু গত মাসে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর আপাতত সেখানে আর ট্যাবলেট পিসি রপ্তানি হচ্ছে না। তা সত্ত্বেও এ বছরের প্রথম চার মাসে গত বছরের তুলনায় ব্যবসা ভালো হয়েছে। আমরা আশা করছি, পরবর্তী মাসগুলোতেও আমাদের ব্যবসা ভালো হবে।’ —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান