
মহান বিজয় দিবস উপলক্ষে অ্যান্ড্রয়েড বাজারে নতুন ছয়টি দেশি স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) ছাড়া হয়েছে। এ ছয়টির মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ‘একাত্তর’ নামে একটি অ্যাপ রয়েছে। এ ছাড়া কাজের ও বিনোদনের অ্যাপও রয়েছে। এই ছয় অ্যাপস ছেড়েছে এমসিসি লিমিটেড।
এমসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আবীর গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমরা এত দিন বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী মোবাইল অ্যাপ তৈরি করতাম। এবার আমরা সরাসরি অ্যান্ড্রয়েড বাজারে (গুগল প্লে স্টোর) অ্যাপ ছাড়ছি। আমাদের পরিকল্পনা আছে প্রতি মাসেই নতুন নতুন অ্যাপ বাজারে ছাড়ার।’
নতুন অ্যাপগুলোর পরিচিতি নিচে দেওয়া হলো—
একাত্তর: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক দলিল, দুর্লভ ছবি এবং সেগুলোর বর্ণনা আছে এ অ্যাপে। নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতাসংগ্রামের খুঁটিনাটি অনেক বিষয় স্থান পেয়েছে এ অ্যাপ্লিকেশনে।
হাসপাতাল: দেশের সরকারি-বেসরকারি হাসপাতালের বিভিন্ন তথ্য আছে ‘হাসপাতাল’ অ্যাপে। এটিতে হাসপাতালের ঠিকানা, ফোন নম্বর এবং অন্যান্য দরকারি তথ্যের পাশাপাশি জানা যাবে এর ভৌগোলিক অবস্থানও।
কারেন্সি কনভার্টার: এই অ্যাপের মাধ্যমে জানা যাবে প্রতিদিনের মুদ্রা বিনিময় হার। বৈদেশিক বাণিজ্য, এলসি তৈরি এবং ব্যাংক-বিমার মতো যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে অ্যাপটি বেশ সহায়ক ভূমিকা পালন করবে।
এম-টয়: পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের একটি খেলনার অ্যাপ ‘এমটয়’। বেশ কয়েক ধরনের খেলার পাশাপাশি এই ভার্চুয়াল অ্যাপটি শিশুর মানসিক বিকাশেও বেশ কার্যকর। এটা ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের নজরদারি শিশুর জন্য সহায়ক হবে।
লেমন ২৪: চব্বিশ ঘণ্টা বাংলা গান শোনা যাবে এ অ্যাপ দিয়ে।
অ্যারাবিক টিউটর: আরবি ভাষা শেখার জন্য কার্যকর অ্যাপ ‘অ্যারাবিক টিউটর’। এটি ব্যবহার করে সঠিক উচ্চারণ এবং মাত্রাসহ আরবি বর্ণমালা শেখা যাবে।
এ অ্যাপগুলো গুগল প্লে স্টোর, অপেরা, অ্যামাজন, সিম্ফোনি ফান স্টোরসহ যেকোনো আন্তর্জাতিক অ্যান্ড্রয়েড বাজার থেকে নামানো যাবে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ নামানোর ঠিকানা: http://goo.gl/7Es16K —নিজস্ব প্রতিবেদক