অ্যান্ড্রয়েডের সহজ কমান্ড নেবে যে প্রিন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচপির প্রিন্টার
এইচপির প্রিন্টার

অ্যান্ড্রয়েড মোবাইল ও ট্যাব থেকে ওয়্যারলেস প্রিন্টিং আরও সহজ করতে কাজ করছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড বা এইচপি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসিওয়ার্ল্ড।
সম্প্রতি কালার লেজারজেট প্রো এমএফপি এম৪৭৬ মডেলের একটি নতুন ওয়্যারলেস প্রিন্টার বাজারে আনার ঘোষণা দিয়েছে এইচপি। এই পণ্যটি অ্যান্ড্রয়েড ৪.৪ সংস্করণ বা কিটক্যাট চালিত মোবাইল থেকে প্রিন্টিং কমান্ড নিয়ে সহজে প্রিন্ট করতে পারবে।
এইচপি জানিয়েছে, নতুন প্রিন্টারটি মূলত অফিস প্রিন্টার হবে। এর দাম হবে ৫২৯ মার্কিন ডলার। এ প্রিন্টারটি প্রথম প্রিন্টার হিসেবে মোপরিয়া সংস্থার সনদ পেয়েছে। মোপরিয়া সংস্থাটি প্রিন্টার নির্মাতা জেরক্স, এইচপি, ক্যানন ও স্যামসাং মিলে তৈরি করেছে।
এইচপির লেজারজেট এন্টারপ্রাইজ সলিউশনের পরিচালক ডেভিড লেইং জানিয়েছেন, ভবিষ্যতে মোপরিয়া সনদপ্রাপ্ত পণ্য আরও বাজারে আসবে। এইচপির সম্প্রতি বাজারে আনা প্রিন্টারটিতে একটি মোপরিয়া প্লাগইন যুক্ত রয়েছে যার মাধ্যমে সহজে মোবাইলে প্রিন্ট কমান্ড দেওয়া যাবে। পিসিতে যেভাবে সহজেই প্রিন্ট কমান্ড দেওয়া যায় এই প্রিন্টারটিতে তেমনভাবেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে সহজে প্রিন্ট করা যাবে। 
এইচপির এ প্রিন্টারটিতে পিয়ার-টু-পিয়ার ওয়াই-ফাই বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সংযোগে প্রিন্ট করা যাবে। সাধারণত ওয়্যারলেস প্রিন্টারে কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে ওয়্যারলেস নেটওয়ার্কে সংযোগ থাকতে হয়। নতুন প্রিন্টারটিতে সাড়ে তিন ইঞ্চি মাপের ডিসপ্লে থাকছে। প্রিন্টারটিতে কপি করা, স্ক্যান করা এবং ফ্যাক্স করা যাবে।