অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপে চ্যাট নিরাপদ নয়?

হোয়াটসঅ্যাপও হ্যাক হতে পারে। তাই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সতর্ক থাকুন।
নেদাল্যান্ডসের প্রযুক্তি-গবেষকেরা সম্প্রতি জানিয়েছেন, অ্যান্ড্রয়েড মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে যোগাযোগের বিষয়টিতে সতর্ক থাকা জরুরি, কারণ দুর্বৃত্তরা কিছু কোড ও ম্যালওয়্যারের সাহায্যে চ্যাটের সব তথ্য জেনে নিতে সক্ষম। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
নেদারল্যান্ডসের প্রযুক্তি নিরাপত্তা বিষয়ক পরামর্শক ব্যস বসচের্ট তাঁর ব্লগে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপের চ্যাট লগ অ্যান্ড্রয়েড ফোনের এসডি কার্ডে সংরক্ষিত থাকে যা অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করে সহজেই পড়ে ফেলা যায়। অধিকাংশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহারকারী নেটওয়ার্ক ও এসডি কার্ড ব্যবহারেরর অনুমতি দেন।
বসচের্ট আরও জানান, হোয়াটসঅ্যাপের পুরোনো ডাটাবেজ হ্যাক করা খুবই সহজ ছিল কারণ আগে এতে এনক্রিপশন করা হতো না। সম্প্রতি ডাটাবেজ এনক্রিপশনের পদেক্ষপ নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে সহজ পাইথন স্ক্রিপ্ট ব্যবহার করে বর্তমান নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে ফেলা সহজ বলে মনে করেন বসচের্ট।
বসচের্ট দাবি করেন, যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেই হোয়াটসঅ্যাপের ডাটাবেজ পড়ে ফেলা যায় এবং এর বর্তমান এনক্রিপটেড ডাটাবেজ থেকেও চ্যাটের তথ্য জেনে নেওয়া যায়। অবশ্য, আইফোন বা উইন্ডোজফোনে এই সমস্যা নেই।
অবশ্য এদিকে গুগল জানিয়েছে, প্লেস্টোরের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে কোনটি যদি পণ্যের নিরাপত্তার জন্য হুমকি মনে হয় তবে তা সরিয়ে ফেলা হবে। কিন্তু মুক্ত অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডে কোনো ম্যালওয়্যার অ্যাপ ব্যবহার করে অন্য অ্যাপ্লিকেশন হ্যাক করা সম্ভব। তাই প্লেস্টোরের বাইরের কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোডের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করেছে গুগল।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার (ডব্লিউএএম) স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার। বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে এই ম্যাসেঞ্জার ব্যবহার করা যায়। শুধু চ্যাটই নয়, এ ম্যাসেঞ্জারের মাধ্যমে ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায়। ম্যাসেঞ্জারটি অ্যাপলের আইওএস, ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড, সিমবিয়ান ও উইন্ডোজ ফোনে ব্যবহার করা যায়।
ব্যবহারকারীর ফোনে থাকা ফোন নম্বর তালিকা থেকে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নম্বর সিনক্রোনাইজ করে নেয়। ফলে আলাদা করে আইডি যোগ করার প্রয়োজন হয় না। স্মার্টফোনে বিনা মূল্যে ব্যবহারের উপযোগী ম্যাসেঞ্জারটিতে ব্যক্তিগত হালনাগাদ, ব্যবহারকারী যেখান থেকে চ্যাট করছেন সে এলাকা, গ্রুপ তৈরি, গ্রুপের জন্য আলাদা আইকন তৈরি করা যায়।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর অ্যাপ্লিকেশনটিতে ভিডিও কল সুবিধা আসবে এবং ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিতে পৌঁছাবে।
২০০৯ সালে ইয়াহুর সাবেক কর্মী ব্রায়ান অ্যাক্টন ও জান কউম মিলে হোয়াটসঅ্যাপ তৈরি করেন। বর্তমানে এ প্রতিষ্ঠানটিতে ৫৫ জন কর্মী রয়েছেন। সম্প্রতি হোয়াটসঅ্যাপ কেনার সময় ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানান, প্রতিদিন ১০ লাখ মানুষ হোয়াটসঅ্যাপ ডাউনলোড করছেন এবং এই অ্যাপটির ৪৫ কোটি ব্যবহারকারী রয়েছেন।