অ্যাপ কেনাকাটায় কে এগিয়ে?

এখন কেনাকাটার ক্ষেত্রে শুধু নিত্যপ্রয়োজনীয় কিংবা বিলাসদ্রব্যই নয়, অ্যাপের বিষয়টিও বিবেচনায় রাখতে হয়। প্রযুক্তি বিশ্লষকেরা বলছেন, চলতি বছরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীরা অ্যাপ কেনাকাটার জন্য বেশি খরচ করবেন। অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় আইওস প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের খরচ তুলনামূলকভাবে কম হবে।
অ্যাপের তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপ অ্যানির তথ্য অনুযায়ী, চলতি বছর গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের অ্যাপ ও সাবস্ক্রিপশন বাবদ ব্যয় ৪ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। অন্যদিকে আইওএস ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপ ও সাবস্ক্রিপশন বাবদ ব্যয় দাঁড়াবে ৪ হাজার কোটি ডলার।
মোবাইল অ্যাপ ইকোসিস্টেমের তথ্য পর্যালোচনা করে এ পূর্বাভাস দিয়েছে অ্যাপ অ্যানি। এতে দেখা যায়, বৈশ্বিক বাজারে বর্তমানে একক আধিপত্য ধরে রেখেছে অ্যাপল অ্যাপ স্টোর। ২০১৬ সাল শেষে অ্যাপল অ্যাপ স্টোরের মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৪০০ কোটি ডলার। একই সময় গুগল প্লে স্টোরের বিক্রির পরিমাণ ছিল ২ হাজার ৭০০ কোটি ডলার।
বৈশ্বিক মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম বাজারে একক আধিপত্য বিস্তার করে আছে অ্যান্ড্রয়েড। বর্তমান বাজারে মোট যে পরিমাণ মোবাইল ডিভাইস বিক্রি হয়, তার সিংহভাগই অ্যান্ড্রয়েডচালিত। গুগল প্লে স্টোরে নিজেদের পাশাপাশি তৃতীয় পক্ষের নানা সেবা ব্যবহারের সুবিধা পান অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা। তবে অ্যাপল অ্যাপ স্টোরের ক্ষেত্রে এ সুবিধা নেই।
বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপ অ্যানির তথ্যমতে, চলতি বছর শেষে এককভাবে শুধু গুগল প্লে স্টোরের রাজস্ব দাঁড়াবে ২ হাজার ১০০ কোটি ডলার। পাশাপাশি তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সেবা থেকে প্লে স্টোরের রাজস্ব আসবে ২ হাজার কোটি ডলার। এতে করে গুগল প্লে স্টোরের মোট রাজস্ব এ বছর শেষে ৪ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
অ্যাপ অ্যানির গবেষণা বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল লেভিটাস বলেন, অ্যাপ রাজস্ব বিবেচনায় অ্যান্ড্রয়েড শিগগিরই অ্যাপলকে পেছনে ফেলবে। কারণ বৈশ্বিক ডিভাইস বাজারে অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস ৫টির বিপরীতে আইওএস ডিভাইস একটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক স্মার্টফোন বাজারে ২০১৬ সালে অ্যান্ড্রয়েডের দখল ছিল ৮০ শতাংশ। এ ক্ষেত্রে আইওএসচালিত ডিভাইসের দখল ছিল মাত্র ১৭ দশমিক ৭ শতাংশ। বাজার দখল বিবেচনায় বিস্তর পার্থক্য সত্ত্বেও বৈশ্বিক মোবাইল ডিভাইস বাজারের সিংহভাগ মুনাফাই ঘরে তুলেছে অ্যাপল। তথ্যসূত্র: আইএএনএস।