অ্যাপ প্রতিযোগিতায় বিজয়ী দুরবিন ল্যাবস
টেলিনর আয়োজিত ‘ডিজিটাল উইনারস’ শীর্ষক অ্যাপ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে দুরবিন ল্যাবস দল। গত বৃহস্পতিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই অ্যাপ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। দুরবিন ল্যাবস দলের তৈরি ‘দুরবিন’ অ্যাপকে সেরা ঘোষণা করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বিজয়ী দল আগামী ২১-২৩ অক্টোবর নরওয়ের অসলোতে অনুষ্ঠেয় ‘ডিজিটাল উইনার্স সম্মেলন’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। চলতি বছর এ সম্মেলনের মূল থিম হচ্ছে শিক্ষা। দুরবিন অ্যাপটি শিক্ষাকে আনন্দময় এবং সুলভ করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। পঞ্চম থেকে স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা এখানে তাঁদের শিক্ষা-বিষয়ক সমস্যার সমাধান খুঁজে পাবেন। এই অ্যাপ বিভিন্ন ধারণাকে সহজভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরে। বাংলাদেশে ডিজিটাল উইনার্স প্রতিযোগিতার উদ্যোক্তা হলো গ্রামীণফোন এবং টেলিনর ডিজিটাল।
গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল বলেন, স্থানীয় জনসাধারণের জন্য আরও অ্যাপ এবং কনটেন্ট তৈরির জন্য ডেভেলপারদের উৎসাহ দিতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।’ এই প্রতিযোগিতাটি টেলিনর গ্রুপ ও গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ পৌঁছে দেওয়ার কর্মসূচির একটি অংশ বলে উল্লেখ করেন তিনি। প্রতিযোগিতার চূড়ান্ত
পর্বের বিচারক ছিলেন সৈয়দ তালাত কামাল, এসডি-ঢাকার সহপ্রতিষ্ঠাতা এম ফায়াজ তাহের এবং গ্রামীণফোনের ডিজিটাল ও যন্ত্র বিভাগের মহাব্যবস্থাপক মুনতাসির হোসেন।