অ্যাপ প্ল্যাটফর্ম একীভূত করবে মাইক্রোসফট
উইন্ডোজ স্টোর ও উইন্ডোজ ফোনের অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম একীভূত করতে পারবে এমন একজনকে নিয়োগ দিতে যাচ্ছে মাইক্রোসফট। এর অর্থ- শিগগিরই অ্যাপ্লিকেশন প্লাটফর্ম একীভূত করার কাজে নামছে প্রতিষ্ঠানটি।অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম একীভূত করা হলে, উইন্ডোজ ৮এর সব প্ল্যাটফর্মেই একই অ্যাপ্লিকেশন ব্যবহার করা সম্ভব হবে। উইন্ডোজ ফোন ৮ নির্ভর স্মার্টফোনের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে সেই অ্যাপ্লিকেশনটি স্বয়ংক্রিয়ভাবেই উইন্ডোজনির্ভর ট্যাবলেট ও কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আবার উইন্ডোজ নির্ভর ডেস্কটপে তা ডাউনলোড করলে স্মার্টফোন ও ট্যাবলেটেও এটি ব্যবহার করা যাবে। ফলে একই অ্যাপ্লিকেশন উইন্ডোজের আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদাভাবে ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। এ প্রসঙ্গে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজিআর জানিয়েছে, উইন্ডোজ ফোন ৮ ও উইন্ডোজ ৮ নির্ভর পণ্যগুলোতে অ্যাপ্লিকেশন ব্যবহার আরও সহজ করতে মাইক্রোসফট এ ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে। মাইক্রোসফট কর্তৃপক্ষ সম্প্রতি উইন্ডোজ স্টোর ও উইন্ডোজ ফোন ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম একীভূত করতে পারবে এমন একজনকে নিয়োগ দিতে যাচ্ছে। এই পদের জন্য লোক খুঁজতে দরখাস্ত চেয়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট কর্তৃপক্ষের ভাষ্য, তারা এমন একজনকে খুঁজছে যে কোড লেখায় পারদর্শী। তাকে উইন্ডোজ অ্যাপ স্টোরের জন্য এমন কোড লিখতে হবে তা যেন উইন্ডোজ ফোনের জন্য কাজ করে আবার উইন্ডোজ ফোনের জন্য লেখা কোড উইন্ডোজ অ্যাপ স্টোরেও কাজ করে।অ্যান্ড্রয়েড, অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাইক্রোসফট কর্তৃপক্ষ উইন্ডোজ ৮, উইন্ডোজ আরটি ও উইন্ডোজ ফোন ৮ একীভূত করার এ পরিকল্পনা করেছে।