অ্যাপ বাজারে তরুণদের নেতৃত্ব দেওয়ার আহ্বান
২০১২ সালে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরির বাজারের আকার ছিল এক হাজার ৩০০ কোটি ডলারের, যা ২০১৩ সালে এসে দুই হাজার ৬০০ কোটি ডলারের বাজারে পরিণত হয়েছে। এই বিশাল বাজারে বাংলাদেশের তরুণদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খান। বরিশাল বিভাগে মোবাইল অ্যাপ নির্মাতাদের নিয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নজরুল ইসলাম খান। খবর বিজ্ঞপ্তির।
বরিশাল মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির পরিচালক মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বরিশাল মেডিকেল কলেজের অধ্যক্ষ রঞ্জিত চন্দ্র খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইব্রাহীম, বরিশাল জেলা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মসূচি বাস্তবায়নকারী অন্যতম সংস্থা এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশ্রাফ আবির। প্রশিক্ষণটি পরিচালনা করছে এমসিসি।
দিনব্যাপী এই প্রশিক্ষণে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক অ্যাপ নির্মাতা অংশ নেন। গেম নির্মাণ, মোবাইল অ্যাপের ব্যবসার উপায় ছাড়াও একটি অ্যাপ তৈরির বিভিন্ন পর্যায়ে যেসব অসুবিধা হয় এমন বিষয় নিয়ে আলাদা অধিবেশন অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির আওতায় সারা দেশে এ পর্যন্ত অনুষ্ঠিত জেলা পর্যায়ে ৬২টি প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দুই হাজার ৩৪৭ জন শিক্ষার্থীকে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে।