অ্যাপ ব্যবহারে কড়াকড়ির ইঙ্গিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের যোগাযোগ ও অর্থায়ন বন্ধে এবং তাঁদের শনাক্ত করতে ভাইবারসহ কিছু অ্যাপস বন্ধের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারনেটের উপর ‘সাময়িক কড়াকড়ি’ আরোপের ইঙ্গিত দেন তিনি।

নেদারল্যান্ডস সফর নিয়ে আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এ ইঙ্গিত দেন।
শেখ হাসিনা বলেছেন, ‘ডিজিটালাইজেশনের শুভফল যেমন আছে, খারাপ ফলও আছে। এতো বেশি আমরা সেই থ্রিজিতে, ফোরজিতে চলে গেছি...ইন্টারনেট-ভাইবার থেকে শুরু করে নানা ধরনের অ্যাপ ব্যবহার করে এই জঙ্গিরা তাদের কার্যক্রম চালাচ্ছে। প্রয়োজনে কিছু সময় ভাইবারসহ এসব অ্যাপস বন্ধ করে, তাদের লিংক খুঁজে, অপরাধীদের শনাক্ত করা হবে।’
এ বছরের জানুয়ারি মাসে ‘ভাইবার’ ও ‘হোয়াটসঅ্যাপ’সহ কয়েকটি অ্যাপ কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয়। শুরুতে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করা হয়। এরপর হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের আরও তিনটি ভয়েস ও মেসেজিং সেবা বন্ধ করে সরকার। পরে ধীরে ধীরে আবার অ্যাপগুলোর কড়াকড়ির বিষয়টি শিথিল করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।