অ্যাপই জানাবে কোথায় বসবে রাউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়িতে কোন কোন জায়গায় ঠিকমতো ওয়াই-ফাই সংকেত পাওয়া যায় আর কোথায় দুর্বল সংকেত পাওয়া যায় তা বলে দিতে পারবে মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে বাড়ির ওয়াই-ফাই সংকেতের একটি ম্যাপ পাওয়া যাবে; যার মাধ্যমে বাড়ি বা অফিসে ঠিক কোন জায়গায় ওয়াই-ফাই বসানো হলে সবাই ঠিকমতো সংকেত পাবে, তা জানা যাবে। পিটিআইয়ের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ লন্ডনের পদার্থবিদ্যার গবেষক জেসন কোল ওয়াই-ফাই সংকেত ও গাণিতিক সূত্র প্রয়োগ করে রাউটার থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গে বিশেষ মডেল তৈরি করেন। জেসন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পরে তা একটি অ্যাপ্লিকেশন আকারে তৈরি করেছেন, যাতে ওয়াই-ফাই সংকেতের ম্যাপ তৈরি করা যায়। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে জেসনের তৈরি এই অ্যাপ্লিকেশনটির নাম ওয়াই-ফাই সলভার।