অ্যাপবাজারে বিকিকিনি শুরু
স্মার্টফোন অ্যাপলিকেশন (অ্যাপ) কেনাবেচার ওয়েবসাইট ‘অ্যাপবাজার’ উদ্বোধন উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওয়েবসাইটটি তৈরি করেছে অ্যাডভান্সড অ্যাপস বাংলাদেশ লিমিটেড (এএপিবিডি)। এতে দেশীয় অ্যাপ নির্মাতাদের তৈরি অ্যাপ সহজে বিকিকিনি করা যাবে। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্র, ব্যবসা এবং চাকরির প্রতিটি ক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশন বর্তমানে একটি নিত্যপ্রয়োজনীয় হয়ে পড়েছে। অ্যাপবাজার অ্যাপ ব্যবহারকারীদের সে চাহিদা পূরণ করবে বলে আমি আশা করি।’
এএপিবিডির প্রধান নির্বাহী শফিউল আলম বলেন, ‘অ্যাপবাজারে প্রথমবারের মতো পছন্দসই অ্যান্ড্রয়েড অ্যাপ সহজেই দেশীয় টাকায় কিনতে পারবেন ব্যবহারকারীরা।’ এ সময় আরও উপস্থিত ছিলেন এএপিবিডির প্রধান বিপণন কর্মকর্তা আ স ম সালাউদ্দিন, প্রধান জনসংযোগ কর্মকর্তা নাঈম সাকিবসহ অনেকে।
বাংলা ও ইংরেজি ভাষায় অ্যাপবাজার ব্যবহার করা যাবে। এতে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের সুবিধাও আছে। বন্ধুদের অ্যাপ উপহার দেওয়াও যাবে। মাস শেষে অ্যাপ নির্মাতার ব্যাংক হিসাবে অ্যাপ বিক্রির টাকা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
অ্যাপবাজারের ঠিকানা: www.appbajar.com|