অ্যাপল সম্প্রতি নতুন একটি পণ্য তৈরির ঘোষণা দিয়েছেন। আর এ ব্যাপারে কাজ করছেন ফ্রান্সের ডিজাইনার ফিলিপ স্টার্ক (৬৩)। এর আগে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, নাইট ক্লাব, টুথব্রাশ, ট্রাভেল কার্ডসহ নানা ধরনের পণ্যের ডিজাইন বা নকশা করেছেন ফিলিপ। তা ছাড়া অত্যাধুনিক একটি স্পিকারের নকশা করেও তিনি আলোচিত হয়েছেন। তবে অ্যাপলের জন্য নকশা করা নতুন এ পণ্যকে তিনি অন্য সব পণ্য থেকে আলাদা করে দেখছেন। নতুন এই পণ্য তৈরির ক্ষেত্রে অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবসের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন ফরাসি এই ডিজাইনার। সম্প্রতি তিনি রেডিও ফ্রান্স ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাপলের নতুন এ পণ্য তৈরির কথা ঘোষণা করেন। তিনি বলেন, আগামী আট মাসের মধ্যে, অর্থাৎ ২৫ ডিসেম্বরের আগেই এ নতুন পণ্য বাজারে ছাড়বে অ্যাপল। অন্যদিকে ফোর্বস জানিয়েছে, আট মাসের মধ্যে অ্যাপল যেসব পণ্য আনতে পারে, সে তালিকায় রয়েছে আরও উন্নত আইফোন, আইম্যাক, ম্যাকবুক এয়ার এবং অ্যাপল টিভি। তা ছাড়া শোনা যাচ্ছে, খুব শিগগির অ্যাপলের হেডফোনেও পরিবর্তন আসছে। কিন্তু নতুন পণ্যটি ঠিক কী ধরনের, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ডিজাইনার স্টার্ক বলছেন, এটি হবে অ্যাপলের একটি ‘রেভল্যুশনারি’, অর্থাৎ ‘বৈপ্লবিক’ ডিভাইস। তাই স্বাভাবিকভাবে রহস্যজনক এ পণ্যটি কী হতে পারে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। —সিবিএস ও সিনেট অবলম্বনে প্রদীপ সাহা