অ্যাপল গুগলের রাজ্যে মাইক্রোসফট
পার্সোনাল কম্পিউটার থেকে হাতে থাকা যন্ত্রের (মোবাইল ডিভাইস) দিকে ঝুঁকছে প্রযুক্তি বাজার। আর সেই বাজারে প্রতিযোগিতা করতেই এক ধাপ এগুলো শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন। ২৫ অক্টোবর বাজারে এল মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম এবং সারফেস ট্যাবলেট কম্পিউটার।বিশ্লেষকেরা মনে করছেন, সূক্ষ্ম এক রেখার ওপর হাঁটছে প্রতিষ্ঠানটি। একদিকে লাখ লাখ উইন্ডোজ ব্যবহারকারীকে ধরে রাখা, অন্যদিকে স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটারের বাজারেও প্রতিযোগিতা করতে হচ্ছে তাদের। তাও আবার অ্যাপল আর গুগলের সঙ্গে।ব্যাংক অব আমেরিকার বিশ্লেষক ক্যাশ রঙ্গন মনে করেন, গণমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পেলেও উইন্ডোজ ৮ মাইক্রোসফটকে বড় সুযোগ করে দিয়েছে মোবাইল ফোনের বাজারে প্রবেশ করার। ফরেস্টার রিসার্চ প্রতিষ্ঠানের বিশ্লেষক ফ্র্যাংক জিলেট মনে করেন, নানা পরিবর্তনের কারণে এই নতুন অপারেটিং সিস্টেম অনেকেই সহজে ব্যবহার শুরু করতে পারবেন না। ‘সবাইকেই এই নতুন রূপটা ব্যবহার করতে বাধ্য করছে তারা। ফলে পুরোনো অনেক ব্যবহারকারী যাঁরা এসব পরিবর্তন চান না, তাঁদের হারাতে হতে পারে।’ বলেন তিনি।সারফেস ট্যাবলেট দিয়ে অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতার চেষ্টা করছে মাইক্রোসফট। গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহারকারীদের সঙ্গেও পাল্লা দিতে হবে তাদের।তবে শুরুটা ভালোই হয়েছে সারফেসের। ডেস্কটপ আর মোবাইল দুটো ব্যবহারের মজাই পাওয়া যাবে এতে। পেছনে স্ট্যান্ড দেওয়া আছে, ফলে চাইলে ছবির ফ্রেমের মতো দাঁড় করানো যাবে এটিকে।ক্যাশ রঙ্গনের মতে, ছবি দেখা, বই-ম্যাগাজিন পড়ার জন্য চমৎকার এটি। দাম বেশি হলেও ল্যাপটপের বিকল্প হিসেবে দেখা যেতে পারে একে।আর জিলেট মনে করেন, যন্ত্রটি দারুণ! তবে ট্যাবলেট বা ল্যাপটপ কোনোটারই সবগুলো কাজ এটা দিয়ে হবে না। —এএফপি অবলম্বনে রুহিনা তাসকিন