অ্যাপল গুরুর তৃতীয় ফোন!
অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের প্রশংসা পেয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম। আর তাঁর তৃতীয় ফোন হিসেবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম-চালিত একটি ফোন বেছে নেওয়ার কথা জানিয়েছেন ‘অ্যাপল গুরু’ হিসেবে খ্যাত ওজনিয়াক। তিনি উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমকে এক বাক্যে ‘সুন্দর’ বলে প্রশংসা করেছেন। এক খবরে এই তথ্য জানিয়েছে এমএসএনবিসি।মোবাইল ফোন সংগ্রহকারী ও অপারেটিং সিস্টেম বিশ্লেষক হিসেবে স্টিভ ওজনিয়াকের খ্যাতি রয়েছে। বাজারে আসা নতুন ফোনগুলোর প্রথমটি সংগ্রহ করার অভ্যাস গড়ে তুলেছেন অ্যাপলের এই সহপ্রতিষ্ঠাতা। সম্প্রতি অ্যাপলের অপারেটিং সিস্টেম, গুগলের অ্যান্ড্রয়েড ও মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের তুলনা করে ওজনিয়াক উইন্ডোজ ফোনকেই সেরার মর্যাদা দিয়েছেন। গুগলের অ্যান্ড্রয়েডের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, এই দুটি অপারেটিং সিস্টেমের মধ্যে কোনো তুলনা চলে না। অর্থাত্, উইন্ডোজই সেরা।ওজনিয়াক আরও জানিয়েছেন, বর্তমানে তাঁর ব্যবহূত মোবাইল ফোনগুলোর তুলনায় উইন্ডোজ অপারেটিং সিস্টেম-চালিত লুমিয়া ৯০০ অনেক উন্নত এবং এই ডিভাইসটি সঙ্গে থাকলে তিনি বন্ধুর অভাব বোধ করেন না। ওজনিয়াক বলেন, ডিভাইসটি সঙ্গে থাকলে মনে হয় কোনো যন্ত্রের সঙ্গে নয়; বন্ধুর সঙ্গে আছি।’উল্লেখ্য, ওজনিয়াক তাঁর সঙ্গে সব সময় দুটি আইফোন রাখেন। একসঙ্গে তিনটি মোবাইল ফোন রাখার ইচ্ছার কথা জানিয়ে অ্যাপল গুরু বলেন, দুটি আইফোনের সঙ্গে তৃতীয়টি হবে লুমিয়া ৯০০। অ্যাপল ও আইফোনের প্রতিটি অ্যাপ্লিকেশন এই ডিভাইসটিতে তাঁকে অন্যরকম অভিজ্ঞতা দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।