অ্যাপল ছাড়লেন আইফোনের বিভাগীয় প্রধান!
অ্যাপলের একক ডিভাইস হিসেবে শুধু আইফোনের ব্যবসা মাইক্রোসফটের পুরো ব্যবসাকে ছাড়িয়ে গেছে। আর এমন সময় ভিন্ন এক খবরে এলেন আইফোনের বিভাগীয় প্রধান ডেভিড টাপম্যান। অ্যাপলের আইফোন এবং আইপড বিভাগীয় প্রধানের পদ থেকে ডেভিড টাপম্যান পদত্যাগ করেছেন! ব্রিটিশ বংশোদ্ভূত টাপম্যান প্রায় এক দশক ধরে অ্যাপলের সঙ্গে কাজ করেছেন। তাঁর নামে ৭০টিরও বেশি পেটেন্ট রয়েছে। প্রথম প্রজন্মের আইপড এবং আইফোনের প্রথম সংস্করণটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন তিনি। অ্যাপলে টাপম্যানের পদবি ছিল ভাইস প্রেসিডেন্ট অব হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইফোন অ্যান্ড আইপড ডিভিশন। অ্যাপলের পদে থাকার সময় আইপডের জনক হিসেবে খ্যাত টনি ফ্যাডেলের সঙ্গে কাজ করতেন তিনি। অবশ্য অ্যাপল বা টাপম্যান কারও পক্ষ থেকেই পদ ছেড়ে যাওয়া নিয়ে কোনো তথ্য জানানো হয়নি। অ্যাপলের আইফোন ব্যবসা তুঙ্গে থাকার পরও তাঁর পদত্যাগ করার বিষয়টি প্রযুক্তি বিশ্বে যথেষ্টই কৌতূহল তৈরি করেছে বলে এক খবরে ডেইলি মেইল জানিয়েছে। এদিকে নাইনটুফাইভম্যাক নামের এক প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, বেশ আগেই তিনি পদ ছেড়ে গেছেন। কারণ, তাঁর অফিশিয়াল ফোনটি অনেক দিন ধরে বন্ধ ছিল।টাপম্যান অ্যাপল থেকে পদত্যাগ করে ফ্যাডেলের ‘নেস্ট’ নামের প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন বলেও খবর রটেছে। তবে, টাপম্যান তাঁর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিংকডইন প্রোফাইলে এখনো অ্যাপল কর্মকর্তার পদবি রেখে দিয়েছেন।