অ্যাপল পণ্যে নকল চার্জার নয়

অ্যাপল পণ্যের ক্ষেত্রে শুধু অনুমোদিত চার্জার ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। আইফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চীনে এক নারীর মৃত্যুর ঘটনার পর এ নির্দেশনা দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপলের চীনা ওয়েবসাইটে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।
অ্যাপল কর্তৃপক্ষ, অ্যাপল ব্র্যান্ডের পণ্য ব্যবহারকারীদের নকল পণ্য ব্যবহারে নিরুত্সাহিত করেছে। অ্যাপলের ভাষ্য, চার্জার ছাড়াও অ্যাপল পণ্যের সঙ্গে অনুমোদন ছাড়া অন্য কোনো নকল পণ্য ব্যবহার করবেন না। এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, রিচার্জে থাকা আইফোনে কথা বলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চীনের জিনজিয়াং প্রদেশে মা আইলুন নামের ২৩ বছর বয়সী এক হবু বধূর মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছিল আইফোন নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল। পরে অ্যাপল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং সবাইকে নকল পণ্য ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।
যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউশনের গবেষক উইল স্টুয়ার্ট জানান, রিচার্জের সময় মুঠোফোনের ব্যবহার সম্পূর্ণ নিরাপদ থাকা প্রয়োজন। চার্জারের আউটপুট সাধারণত খুব কম ভোল্টের হয়, যা বিপজ্জনক নয়। তবে চার্জারের কোনো সমস্যা বা ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে গবেষকদের পরামর্শ হলো, কখনো গোসলের সময় বা ভেজা অবস্থায় চার্জার সংযোগ করবেন না, এতে তারের সঙ্গে লেগে থাকা পানি প্লাগে চলে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে।