অ্যাপল পারলে গুগল পারবে না?

আইফোন নিয়ে অ্যাপল যদি রমরমা ব্যবসা করতে পারে গুগল কেন পারবে না? এত দিন বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগী করে নেক্সাস ফোন তৈরি করলেও এবারে পুরোপুরি ‘অ্যাপল’ হয়ে ওঠার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে গুগল। নেক্সাস স্মার্টফোন ও ট্যাব নিজেরাই তৈরি করবে গুগল।
বর্তমানে নেক্সাস ডিভাইসগুলো গুগল ব্র্যান্ডের অধীনেই বাজারে আসে। তবে এ ফোন তৈরি করে এলজি, স্যামসাং, এইচটিসি, মটোরোলা ও হুয়াওয়ে। নেক্সাস পরিবারের সর্বশেষ সদস্য হচ্ছে হুয়াওয়ের নেক্সাস ৬পি ও এলজি নেক্সাস ৫এক্স। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশনের তথ্য অনুযায়ী, অরিজিনাল ইকুইপমেন্ট মেকার (ওইএম) বা ফোন যন্ত্রাংশ নির্মাতাদের বাদ দিয়ে গুগল নিজেই নেক্সাস ফোন তৈরি করবে।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই ও গুগলের বেশ কয়েকজন প্রতিনিধি ইতিমধ্যে গুগলের লক্ষ্য সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। তাঁদের ভাষ্য, গুগলের নেক্সাস কর্মসূচিতে আরও নিয়ন্ত্রণ নিতে চায় এবং নেক্সাস তৈরিতে অংশ নিতে চায়। যেভাবে আইফোনের ওপর অ্যাপলের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। গুগল নিয়ন্ত্রণ নিলে সফটওয়্যার হালনাগাদের ওপর তাঁদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।