অ্যাপল যখন স্যামসাংয়ের লক্ষ্মী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপলের ম্যাকবুকে থাকবে স্যামসাং
অ্যাপলের ম্যাকবুকে থাকবে স্যামসাং

ব্যবসায়ীদের কাছে ক্রেতা হচ্ছে লক্ষ্মী। এমন কথাই ব্যবসায়ীরা বলে থাকেন। মোবাইল ফোনের বাজারে অ্যাপল আর স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বিতার কথা সবারই জানা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে—অ্যাপলকে তাদের পণ্যে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের জন্য স্যামসাংয়ের ওপর ভরসা রাখতে হয়। অ্যাপলকে স্যামসাংয়ের কাছ থেকেই কিনতে হয় ডিসপ্লে, চিপসহ নানা যন্ত্রাংশ। সে অর্থে প্রতিদ্বন্দ্বী অ্যাপল তো স্যামসাংয়ের কাছে লক্ষ্মী!

সম্প্রতি স্যামসাং সূত্রের বরাতে এক খবরে রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের প্রায় ২০০ কর্মীর একটি দল প্রতিদ্বন্দ্বী অ্যাপলের জন্য খাটছেন! কারণ অ্যাপলই যে স্যামসাংয়ের বড় ক্রেতা। স্যামসাংয়ের কাছ থেকে বিভিন্ন যন্ত্রাংশ কিনে তা দিয়ে পণ্য তৈরি করে অ্যাপল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে স্যামসাং ডিসপ্লে কোম্পানির একদল কর্মী আইপ্যাড ও ম্যাকবুকের জন্য স্ক্রিন তৈরির কাজ করছেন।

২০০ জন কর্মীর এই দলটি ১ এপ্রিল গঠন করেছে স্যামসাং যারা পণ্য বিপণন নিয়েও কাজ করবেন। বর্তমানে স্যামসাং যন্ত্রাংশের সবচেয়ে গ্রাহক হিসেবে পরিচিত হয়ে উঠেছে অ্যাপল। এ বিষয়ে অবশ্য অ্যাপল বা স্যামসাংয়ের কেউ মন্তব্য করতে রাজি হননি।

স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাং প্রতিদ্বন্দ্বী এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পারস্পরিক মামলায় জড়িয়েছিল। গত বছর যুক্তরাষ্ট্রের বাইরে সব মামলা সমঝোতা করার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠান দুটি।