অ্যাপল স্টোরে নাকে আঘাত পাওয়ায় মামলা !
অ্যাপলের বিরুদ্ধে ১০ লাখ ডলার ক্ষতিপূরণের মামলা করেছেন ইভলিন পাসওয়াল নামের যুক্তরাষ্ট্রের ৮৩ বছর বয়সী এক নারী। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, ম্যানহাটন-ভিত্তিক একটি ফারের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তা ইভলিনের অভিযোগ, অ্যাপল স্টোরের স্বচ্ছ কাচে বয়স্কদের জন্য সতর্কতামূলক কোনো চিহ্ন ব্যবহার না করায় তিনি এতে ধাক্কা খেয়ে নাকে আঘাত পেয়েছেন।ইভলিন অভিযোগ করেছেন, ১৩ ডিসেম্বর তারিখে যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাসেটস অ্যাপল স্টোরে তাঁর আইফোনটি ফেরত দিতে গিয়েছিলেন। কিন্তু ঢোকার মুখে কোনো ধরনের চিহ্ন না থাকায় স্বচ্ছ কাচের দেয়ালটির অস্তিত্ব টের পাননি তিনি।ইভলিন অভিযোগ করেছেন, কাচের দেয়ালে ধাক্কা খেয়ে নাকে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে এ মামলা করেছেন ইভলিন। অভিযোগে জানিয়েছেন তিনি, কাচের দরজায় সতর্কতামূলক চিহ্ন লাগাতে অবহেলা করেছে অ্যাপল। স্বচ্ছ কাচের চিহ্ন করতে যাতে আর অবহেলা না করা হয়, এ বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্যই অ্যাপলের বিরুদ্ধে ১০ লাখ ডলারের ক্ষতিপূরণের মামলা করেছেন তিনি।