অ্যাপল স্টোরে সাইবার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আক্রান্ত হলো অ্যাপলের অ্যাপ স্টোর
আক্রান্ত হলো অ্যাপলের অ্যাপ স্টোর

নতুন আইফোনসহ কয়েকটি যন্ত্র ক্রেতাদের হাতে আসার চার দিন আগে অ্যাপল স্টোরে হলো বড় ধরনের সাইবার হামলা। অ্যাপলের অ্যাপ স্টোরে এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা হিসেবে ধরা হচ্ছে এ আক্রমণকে। চীনে এ হামলা হয়েছে এবং এর ফলে অ্যাপ স্টোরে থাকা নানা ধরনের অ্যাপে ম্যালওয়ার ছড়িয়ে পড়েছে। আর এতে আক্রান্ত হচ্ছেন ব্যবহারকারীরা। তবে ইতিমধ্যে অ্যাপের মধ্যে ঢুকে যাওয়া ম্যালওয়ারের প্রোগ্রামিং সংকেত (কোড) মুছে ফেলেছে বলেও জানিয়েছে অ্যাপল। হ্যাকাররা আইওএস অ্যাপ স্টোরের আদলে আরেকটি সফটওয়্যার তৈরি করেছে। এরপর অ্যাপল স্টোরে থাকা বিভিন্ন অ্যাপে কৌশলে ম্যালওয়্যারের কোড ছড়িয়ে দেয়। বিষয়টি এমনভাবে করা হয়েছে, যাতে করে অ্যাপ নির্মাতারা নিজেদের প্রয়োজন মনে করে হ্যাকারদের তৈরি সফটওয়্যারটি ইনস্টল করেন!
যেসব অ্যাপে ম্যালওয়্যার যুক্ত হয়েছে তার ব্যবহারকারীদের সব ব্যক্তিগত তথ্য হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে। আর সে সুযোগে হ্যাকার দল ব্যবহারকারীদের আইফোনে মিথ্যা বার্তা পাঠানো শুরু করে, যেখানে লেখা ছিল দ্রুত আপনার ইউজার নাম এবং পাসওয়ার্ড ভাগাভাগি করুন, কারণ আপনার ফোন ভাইরাসে আক্রান্ত। বিনা মূল্যে বার্তা আদান-প্রদানের অ্যাপ উইচ্যাট থেকে শুরু করে সংগীত নামানোর অ্যাপ কিংবা ক্যাব ব্যবহারের জনপ্রিয় অ্যাপ ইউজারও আক্রান্ত হয়েছে হ্যাকারদের এ হামলায়। প্রাথমিকভাবে চীনে এ অ্যাপগুলো ব্যবহারকারীরা আক্রান্ত হয়েছে। তবে চীন ছাড়া অন্যান্য দেশের ব্যবহারকারীরা ‘ক্যামকার্ড’ নামের জনপ্রিয় বিজনেস কার্ড স্ক্যান করার সফটওয়্যারের মাধ্যমেও এ আক্রমণের স্বীকার হয়েছেন।

অ্যাপলের মুখপাত্র ক্রিস্টিন মনাঘান বলেন, ইতিমধ্যে অ্যাপল স্টোর থেকে বেশি আক্রান্ত এক্সকোড গোস্ট অ্যাপ, কাউন্টারফিট নামের সফটওয়্যারসহ আক্রান্ত হওয়া একাধিক সফটওয়্যার স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে। পাশাপাশি ডেভেলপাররা যাতে করে সঠিক এক্সকোড ব্যবহার করে কাজ করতে পারেন সে ব্যাপারে কাজ চলছে। তবে পুরো এ সময়টাতে ব্যবহারকারীদের যেকোনো ওয়েবসাইট কিংবা অ্যাপের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত তথ্যাদি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা গবেষকেরা।
বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া