অ্যাপল ১ কম্পিউটার ৩ লাখ ৭৪ হাজার ডলারে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের তৈরি প্রথম কম্পিউটার অ্যাপল ১ নিলামে ৩ লাখ ৭৪ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্কে সদবিজ নিলামঘরে এই নিলাম অনুষ্ঠিত হয়। সদবিজ কর্তৃপক্ষ যা আশা করেছিল, তার চেয়ে অনেক বেশি দামে কম্পিউটারটি বিক্রি হয়েছে। ১৯৭৬ সালে তৈরি কম্পিউটারটি এখনো সচল আছে। অ্যাপলের দুই প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক মনিটরবিহীন এই কম্পিউটারটি তৈরি করেন। সে সময় এটি বিক্রি হয়েছিল ৬৬৬ দশমিক ৬৬ ডলারে। দুজন ক্রেতা এটি কিনতে চেয়েছিলেন। পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি টেলিফোনে বেশি দাম হেঁকে কম্পিউটারটি কিনে নেন। কমিশনসহ এটির দাম গিয়ে দাঁড়ায় ৩ লাখ ৭৫ হাজার ডলারে। প্রথমটি তৈরি করার পর স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক পরে আরও একই রকমের দেড় শর বেশি কম্পিউটার তৈরি করে বন্ধুবান্ধবসহ বিভিন্ন জনের কাছে বিক্রি করেন। এসবের মধ্যে ৫০টির অস্তিত্ব এখনো টিকে রয়েছে, যার মধ্যে মাত্র ছয়টি এখন সচল। তবে সেসব দিয়ে এখন বিশেষ কোনো কাজ হয় না। অ্যাপল ১ ছাড়াও নিলামে স্টিভ জবসের লেখা একটি মেমো ২৭ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে। সদবিজ কর্তৃপক্ষ ধারণা করেছিল, মেমোটি ১৫ হাজার ডলারে বিক্রি হবে। স্টিভ জবস ভিডিও গেম ও কম্পিউটার গেম প্রস্তুতকারক প্রতিষ্ঠান আটারিতে দায়িত্ব পালনের সময় ১৯৭৪ সালে চার পৃষ্ঠার ওই মেমোটি লেখেন। তখন তাঁর বয়স ছিল ১৯ বছর। —বিবিসি ও রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান