অ্যাপলকে চাপে ফেলে গোপনে ফোনের তথ্য নিয়েছিল ট্রাম্প প্রশাসন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন গোপনে সাংবাদিকদের কল রেকর্ড কবজা করেছিল। সংবাদের উৎস জানা এবং গোপন খবর প্রকাশ ঠেকানো ছিল তাদের উদ্দেশ্য। এর মধ্যে দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও দ্য ওয়াশিংটন পোস্টে কর্মরত সাংবাদিক ছিলেন।
এদিকে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, সেখানেই ক্ষান্ত হয়নি ট্রাম্প প্রশাসন। ২০১৭ ও ২০১৮ সালে হাউস ইন্টেলিজেন্স কমিটির অন্তত দুজন ডেমোক্র্যাট সদস্যের তথ্য প্রদানে বাধ্য করেছিল প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে। কমিটির বর্তমান চেয়ারম্যান অ্যাডাম শিফ ও প্রতিনিধি এরিক সোয়ালওয়েলের পাশাপাশি ওই কমিটির সঙ্গে যুক্ত আরও ডজনখানেক মানুষের ব্যাপারে তথ্য নিয়েছে প্রশাসন। তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের ক্ষেত্রে যেমনটা করেছিল, একইভাবে অ্যাপলেরও কণ্ঠরোধ করে রাখা হয় এত দিন। কোনোভাবেই তা প্রকাশ করা যাবে না, এমন নির্দেশনা দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানটিকে। চলতি বছরে সে নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। জো বাইডেন প্রশাসনের বিচার বিভাগ ঘটনাগুলোকে প্রকাশ্যে আনলে ব্যাপারটি জানাজানি হয়।
দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনকে অ্যাপল কেবল ‘মেটাডেটা’ দিয়েছে। ছবি কিংবা ই-মেইলের বিষয়বস্তু তাতে ছিল না। তবু মেটাডেটাও তথ্য। একজনের ব্যাপারে মেটাডেটা থেকে অনেক কিছু জানা সম্ভব। মনে করুন কোনো মানুষ কখন, কোথায় এবং কার সঙ্গে কথা বলেছে জানতে পারলে এবং এর সঙ্গে আরও তথ্য মিলিয়ে নিলে অনেক সময় পূর্ণাঙ্গ চিত্র দাঁড়িয়ে যায়।
দ্য নিউইয়র্ক টাইমসের আগের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, স্মার্টফোন থেকে অবস্থানসংক্রান্ত যে পরিমাণ তথ্য চলে যায়, তা থেকেই কোনো মানুষকে ব্যক্তিগত শনাক্ত করা সম্ভব।
গত শনিবার মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, তারা আর কখনো গোপনে সাংবাদিকের ফোনের তথ্য সংগ্রহ করবে না।