অ্যাপলকে ছাড়িয়ে গেল স্যামসাং
এত দিন স্মার্টফোনের বাজারে শীর্ষ অবস্থানটা ছিল অ্যাপলের দখলে। কিন্তু হঠাত্ই সেই অবস্থান থেকে নিচে নেমে গেছে স্টিভ জবসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি। স্মার্টফোন বাজারজাত করার ক্ষেত্রে অ্যাপলের শীর্ষ স্থান ছিনিয়ে নিয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিক হিসাব অনুযায়ী এ তথ্য জানা যায়।বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের প্রকাশিত তথ্য অনুযায়ী, স্যামসাং গত তিন মাসে দুই কোটি ৭৮ লাখ স্মার্টফোন বাজারে এনেছে। একই সময়ের মধ্যে অ্যাপল এনেছে এক কোটি ৭১ লাখ আর নকিয়া এক কোটি ৬৮ লাখ।ওই গবেষণা প্রতিষ্ঠানের মতে, গ্রাহকদের অ্যাপলের নতুন আই ফোন ৪এসের অপেক্ষায় থাকাই অ্যাপলের বাজারজাত কমে যাওয়ার অন্যতম কারণ।বাজারে মোট হ্যান্ডসেটের ২৭ দশমিক ৩ শতাংশই নকিয়ার দখলে। আর স্যামসাংয়ের দখলে ২২ দশমিক ৬ শতাংশ, এলজির ৫ দশমিক ৪ শতাংশ, জেডটিইর ৪ দশমিক ৭ শতাংশ। আর এ ক্ষেত্রে অ্যাপলের অবস্থান পঞ্চম স্থানে বা ৪ দশমিক ৪ শতাংশ। স্যামসাংয়ের ত্রৈমাসিক হিসাব প্রকাশের পর এ তথ্য প্রকাশ করা হয়। হিসাব অনুযায়ী এ প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি ২৩ শতাংশ কমে গেছে।আর গ্যালাক্সি স্মার্টফোন বিক্রির মাধ্যমে স্যামসাংয়ের হ্যান্ডসেট বিক্রিতে প্রবৃদ্ধি দ্বিগুণ হয়ে ২৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে।স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের অ্যালেক্স স্পেকটর বলেন, ‘অভিজাত হার্ডওয়্যার ডিজাইন, জনপ্রিয় অ্যান্ড্রয়েড সেবা, স্মরণীয় সাব-ব্র্যান্ড এবং বিশ্বব্যাপী বিতরণের সংমিশ্রণের ফলে গ্রাহকদের কাছে স্যামসাংয়ের চাহিদা অনেক বেড়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের মাধ্যমে স্যামসাং প্রমাণ করেছে অল্প সময়ের মধ্যেও ভিন্ন আঙ্গিকে কিছু করা সম্ভব।’গবেষণায় বলা হয়, স্যামসাং গত তিন মাসে ১১ কোটি ৭০ লাখ স্মার্ট ফোন বাজারজাত করেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৪ শতাংশ বেশি। ওয়েবসাইট।