অ্যাপলে নতুন যা এল (ভিডিও)
সানফ্রান্সিসকোতে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে অ্যাপলের বার্ষিক ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’ (ডব্লিউডব্লিউ ডিসি)। এ অনুষ্ঠান ঘিরে প্রযুক্তিবিশ্বের আগ্রহের কোনো কমতি ছিল না। এই অনুষ্ঠানে অ্যাপল কী পণ্যের ঘোষণা দেবে, তা নিয়ে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে আগে শুরু হয়েছিল নানা গুঞ্জন। এর অবসান ঘটিয়ে বেশ কিছু নতুন পণ্য বাজারে এনেছে অ্যাপল। অ্যাপল নতুন ম্যাপ সেবা হিসেবে ‘আইম্যাপ’, অ্যাপলের ল্যাপটপ সিরিজে আইম্যাকের নতুন সংস্করণ, নতুন ম্যাকবুক এয়ার, অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘আইওএস ৬’ ও উন্নত ভারচুয়াল সঙ্গী সিরির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানান, অ্যাপলের নতুন পণ্যের মধ্যে সবচেয়ে আলোচিত অ্যাপল ম্যাপ সেবাটি। কারণ গুগল ম্যাপকে সরিয়ে আইওএস পণ্যের জন্য ত্রিমাত্রিক এ ম্যাপ সেবা আনছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ০ দশমিক ৭ ইঞ্চি পুরুত্বের ম্যাকবুক প্রো’ ল্যাপটপে রেটিনা ডিসপ্লে প্রযুক্তি আনছে অ্যাপল। এই ল্যাপটপের দাম পড়বে প্রায় দুই হাজার ২০০ ডলার। এদিকে হাজার ডলার দামের ম্যাকবুক এয়ারেও পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।