অ্যাপলে ভিড় বাড়ছে বুড়োদের!
তরুণদের জন্য হালের পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিসেবেই একসময় সুখ্যাতি ছিল অ্যাপলের। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ২০০৮ সালের পর থেকেই প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে শিশু-কিশোরদের জন্য সময় উপযোগী পণ্য নির্মাণ করা ছেড়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউগভ পরিচালিত সেই জরিপে দেখা গেছে, অ্যাপল এখন বয়স্কদের জন্যই পণ্য তৈরি করছে বলে তরুণদের মধ্যে অ্যাপলের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট।যুক্তরাষ্ট্রে ১৮ বছর ও এর চেয়ে বেশি বয়সীদের মধ্যে চালানো জরিপে ইউগভ দেখেছে, ৩৫ বছর বয়সী বা তার চেয়ে বেশি বয়স্ক মানুষের মধ্যে অ্যাপল পণ্য এখন সবচেয়ে জনপ্রিয়। ২০০৮ সালের পর থেকে ১৮-৩৪ বছর বয়সীদের মধ্যে অ্যাপলের জনপ্রিয়তা ক্রমান্বয়ে কমেছে।এদিকে বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপলের বিজ্ঞাপনেও এখন বয়স্কদের প্রাধান্য দেওয়া হচ্ছে। বয়স্ক ও পেশাদার মানুষের কথা মাথায় রেখেই পণ্যের জন্য বিজ্ঞাপন তৈরি করে অ্যাপল। তরুণদের পছন্দের তালিকা থেকে অ্যাপল পণ্য ধীরে ধীরে সরে গেলেও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক চিন্তিত নন। কারণ-অ্যাপল পণ্যের ব্যবসায় এই প্রভাব এখনো পড়েনি। অ্যাপলের আইফোন নিয়ে ২০১১ সালের সেপ্টেম্বরে এইচটিসির প্রধান নির্বাহী মজা করেই বলেছিলেন- আইফোন বাবা’র ব্যবহার উপযোগী ফোন, অ্যাপলের উচিত সন্তানদের জন্যও একটা স্মার্টফোন তৈরি করা।