অ্যাপলের অ্যাপ স্টোর এবং আইটিউনস সেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের অ্যাপ স্টোর এবং আইটিউনস ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। লাখো অ্যাপল ব্যবহারকারী অ্যাপ স্টোর এবং আইটিউনস সেবা ব্যাহত হওয়ার ফলে এ সেবাগুলো ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামানো কিংবা আইটিউনসের মাধ্যমে গান নামানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে গ্রাহকদের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে অ্যাপলকে। এসব সেবার পাশাপাশি আইক্লাউডে প্রবেশের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়েছে ব্যবহারকারীদের। এ সমস্যার ফলে অ্যাপল অ্যাপ স্টোর এবং আইটিউনস প্রায় ৪০ লাখ ডলারের ক্ষতির মুখে পড়েছে বলে জানা গেছে। পুরো সেবা ব্যাহত হওয়ার ফলে ব্যবহারকারীরা নতুন অ্যাপ নামানো, ইনস্টল করা, গান কিংবা ভিডিও কেনা ইত্যাদি করতে পারেননি। এ সমস্যাটি যুক্তরাজ্যের সময় অনুযায়ী সকাল নয়টায় শুরু হয়।
সেবা ব্যাহত হওয়ার এ ঘটনায় গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে এ বার্তায় অ্যাপল জানিয়েছে, ‘আমাদের আন্ত ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) সেবার সমস্যার কারণে অ্যাপ স্টোর ও আইটিউনস সেবা ব্যাহত হয়। যার ফলে সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। আমরা এ জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা ইতিমধ্যে সমস্যাটি চিহ্নিত করে সেটি সমাধানের ব্যাপারে উদ্যোগও নিয়েছি খুব দ্রুত। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’ সেবাটি ব্যাহত হওয়ার সময় ‘আনঅ্যাভেইলেবল ফর অল ইউজার্স’ নামের একটি বার্তা অ্যাপ স্টোর এবং আইটিউনসে দেখা গেছে।
সময়ের হিসাব অনুযায়ী, সমস্যাটি সমাধান করে ফেলায় বিশ্বের অনেক দেশে অবশ্য গ্রাহকদের তেমন সমস্যায় পড়তে হয়নি। তবে নির্দিষ্ট ওই সময়ে সারা বিশ্বেই অ্যাপ স্টোর ও আইটিউনস সেবা ব্যাহত হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী, গত বছর শুধু আইটিউনসের মাধ্যমেই অ্যাপল আয় করে প্রায় ১ কোটি ৪৬ লাখ ডলার। এ হিসাব অনুযায়ী প্রতি ঘণ্টায় আইটিউনস থেকে আয় ২০ লাখ ডলার এবং প্রতি মিনিটে আয়ের পরিমাণ ৩৪ হাজার ডলার! একই অবস্থায় অ্যাপ স্টোর থেকেও ঘণ্টায় অ্যাপলের আয় ২০ লাখ ডলার।
—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম