অ্যাপলের আইফোন এখনও জনপ্রিয়
মার্কিন জনগণ অ্যাপলের আইফোনকে আগের মতোই ভালোবাসে এবং এই ভালোবাসা আগের মতোই অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে। সম্প্রতি পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের স্মার্টফোনের মালিকদের ওপর এই জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশ হ্যান্ডসেট হিসেবে আইফোনকে সর্বোচ্চ পাঁচ নম্বর দিয়েছে। তারা জানিয়েছে, সহজে পরিচালনযোগ্য, উন্নত অপারেটিং সিস্টেম, নকশা, হ্যান্ডসেটের বিভিন্ন সুবিধা থাকায় এবং সব মিলিয়ে সন্তুষ্ট হওয়ায় তারা আইফোনকে পাঁচে পাঁচ দিয়েছে। আইফোনের পরে রয়েছে ব্ল্যাকবেরির অবস্থান। সন্তুষ্টি ক্যাটাগরিতে ব্ল্যাকবেরি পাঁচে তিন পেয়েছে। পাম, এইচটিসি, নোকিয়া ও স্যামসাংয়ের হ্যান্ডসেট পেয়েছে পাঁচে দুই। তবে ব্যাটারির দীর্ঘস্থায়িত্বের দিক দিয়ে ব্ল্যাকবেরি পেয়েছে পাঁচে পাঁচ। এই ক্যাটাগরিতে আইফোন পেয়েছে পাঁচে দুই। নকিয়া ও স্যামসাংয়ের হ্যান্ডসেট পেয়েছে পাঁচে চার। এর আগে পরিচালিত এক জরিপেও আইফোন এগিয়ে ছিল। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান