অ্যাপলের আইফোন ক্যামেরায় নতুন লেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল বা স্মার্টফোনে ক্যামেরা এখন আর নতুন কোনো বিষয় নয়। প্রায় সব হ্যান্ডসেটে এখন ক্যামেরা রয়েছে। তবে নতুন খবর হচ্ছে, এসব ক্যামেরা এখন আগের চেয়ে অনেক ভালো ছবি তুলছে। এর কারণ, হ্যান্ডসেট প্রস্তুতকারকেরা তাদের ক্যামেরায় নানা ধরনের উন্নতমানের লেন্স ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সদ্য অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) এ লেন্সযুক্ত স্মার্টফোন প্রদর্শিত হয়েছে। গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড তার সর্বশেষ মডেলের আইফোন ৪এসে উন্নত লেন্সের ক্যামেরা সংযোজন করেছে। সিইএসে ৪ এস আইফোনও প্রদর্শিত হয়েছে। অ্যাপল জানায়, এই ফোন ক্যামেরার গুণাগুণ বলে শেষ করা যাবে না। এটি একটি অসাধারণ ক্যামেরা, ঠিক আপনি যেমনটি চান। নতুন লেন্সের কারণে এই ফোন-ক্যামেরা এখন অনন্য সাধারণ। এই ক্যামেরায় যে ছবি তোলা হয়, তা অন্য যেকোনো ক্যামেরায় তোলা ছবির চেয়ে অনেক ভালো হয়। নিউইয়র্কের একটি ফার্ম কোগেটো নতুন এসব লেন্সের মধ্যে একটি তৈরি করেছে। ডট নামে এ লেন্স আপাতত আইফোন ক্যামেরার জন্য তৈরি করা হয়েছে। দাম খুব একটা বেশি নয়, একটি লেন্সের দাম ৭৯ ডলার। ক্যালিফোর্নিয়াভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান ওলোক্লিপ আইফোনের জন্য তিন রকমের উন্নতমানের ক্যামেরা লেন্স তৈরি করেছে। এসব লেন্সের সাহায্যে কোনো ব্যক্তি বা বস্তুর নানা অ্যাঙ্গেলের ছবি সহজেই তোলা যাবে। প্রতিটি লেন্সের দাম ৭০ ডলার। ওলোক্লিপ আশা করছে, ভবিষ্যতে এসব লেন্স সব আইফোনের ক্যামেরায় যুক্ত হবে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান