পেটেন্ট নিয়ে আইনি লড়াইয়ে অবশেষে অ্যাপলের কাছে হার হলো স্যামসাংয়ের। মেধাস্বত্ব আইন লঙ্ঘন করায় স্যামসাং এখন ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডকে।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান হোসে শহরের একটি আদালত গত শুক্রবার এ আদেশ দিয়েছেন। মার্কিন কোম্পানি অ্যাপলের অভিযোগ ছিল, দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং তাদের আইফোন ও আইপ্যাড নকল করে স্মার্টফোন তৈরি করেছে। আদালতও প্রমাণ পেয়েছেন, অ্যাপলের জনপ্রিয় আইফোন ও আইপ্যাডের বেশ কিছু বৈশিষ্ট্য নকল করেছে স্যামসাং।আদালত বলেছেন, গ্যালাক্সি এস ফোরসহ স্যামসাংয়ের কয়েকটি স্মার্টফোন অ্যাপলের আইফোনের আদলে তৈরি হয়েছে এবং এগুলোর অপারেটিং সিস্টেমও আইফোনের অপারেটিং সিস্টেমের মতো। এ ক্ষেত্রে স্যামসাং যে যুক্তি দিয়েছে, আদালত তা গ্রহণ করেননি।অ্যাপল ক্ষতিপূরণ হিসেবে ২৫০ কোটি ডলার দাবি করলেও আদালত ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন। আদালতের এই আদেশের পর যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাংয়ের কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ করা হতে পারে।রায়ের পর স্যামসাং এক বিবৃতিতে বলেছে, তারা এই রায়ের বিরুদ্ধে খুব শিগগির আপিল করবে। এদিকে একই দিন দক্ষিণ কোরিয়ার একটি আদালত স্যামসাংয়ের পক্ষে রায় দিয়ে বলেছেন, প্রতিষ্ঠানটি মেধাস্বত্ব আইন লঙ্ঘন করেনি।—রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান