অ্যাপলের ঘাড়ে শ্বাস ফেলছে মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা

গত এক বছরে মাইক্রোসফটের শেয়ারের দাম যেভাবে বেড়েছে আর্থিক মূল্যের বিবেচনায় এখন এক্সন মবিলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে মাইক্রোসফট। বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে শীর্ষে রয়েছে অ্যাপল। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার প্রভাবেই বদলে গেছে মাইক্রোসফট।

বাজার গবেষকেরা জানিয়েছেন, নতুন প্রধান নির্বাহী হিসেবে সত্য নাদেলা দায়িত্ব নেওয়ার পর থেকে মাইক্রোসফট পুরোনো সম্মান পুনরুদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। বর্তমান সময়ের প্রযুক্তিপণ্য ও চলের সঙ্গে মাইক্রোসফট আগে তাল মেলাতে না পারলেও গত এক বছরে মাইক্রোসফট ঠিক পথেই রয়েছে। নাদেলা মাইক্রোসফটের দায়িত্ব নিয়ে ব্যয় কমিয়েছেন, মোবাইল প্রযুক্তি ও ক্লাউড কম্পিউটিংকে গুরুত্ব দিয়েছেন। তাঁর প্রচেষ্টায় মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে এবং এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৪১০ বিলিয়ন ডলার। বর্তমানে এক্সন মোবাইলের বাজারমূল্য ৪০৪ বিলিয়ন ডলার। শীর্ষে থাকা অ্যাপলের বাজারমূল্য ৬৬৮ বিলিয়ন। এক খবরে ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান এফবিআর ক্যাপিটাল মার্কেটসের গবেষক ড্যানিয়েল ইভস জানিয়েছেন, মাইক্রোসফট তাদের পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন এনেছে। অবশ্য কম্পিউটার বিক্রি কমে যাওয়ায় মাইক্রোসফটকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে পুরোনো প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন—আইবিএম, এইচপি কিংবা ওরাকলের তুলনায় মাইক্রোসফট অনেক দূর এগিয়ে গেছে।