স্টিভজবস মারা যাওয়ার পর অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের নতুন চেয়ারম্যান হয়েছেন জেনেনটেকের প্রধান আর্থার লেভিনসন। অ্যাপলের শীর্ষ কর্মকর্তা হিসেবে গত মঙ্গলবার তাঁর নাম ঘোষণা করা হয়েছে। তিনি স্টিভ জবসের স্থলাভিষিক্ত হলেন। তাঁর পাশাপাশি ডিজনির প্রধান নির্বাহী বব ইগার প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের নতুন সদস্য হিসেবে যোগদান করেছেন। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আর্ট (লেভিনসন) ২০০০ সালে পরিচালনা বোর্ডে যোগদানের পর থেকেই অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।’ কুক আরও বলেন, ‘তিনি আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে পুরোনো একজন সহকর্মী। তাঁর অন্তর্দৃষ্টি ও নেতৃত্ব অ্যাপল, এর কর্মী বাহিনী এবং আমাদের শেয়ারহোল্ডারদের জন্য বিশেষ প্রয়োজনীয়।’ অপর নতুন সদস্য বব ইগার সম্পর্কে টিম কুক বলেন, ‘তাঁর যোগদান আমাদের সুদক্ষ পরিচালনা বোর্ডের আরেক বড় প্রাপ্তি।’এদিকে, নতুন শীর্ষ কর্মকর্তা লেভিনসন এক বিবৃতিতে বলেন, ‘অ্যাপলের চেয়ারম্যান হতে পেরে আমি সম্মানিত। আমাদের দলে ইগারের অন্তর্ভুক্তিকে আমি স্বাগত জানাই।’ —এএফপি