অ্যাপলের নামে আমাজনে ভুয়া পণ্য!

অনলাইনে অনেকেই পণ্য কেনাকাটা করেন। এ ক্ষেত্রে আমাজনের যথেষ্ট সুনাম। কিন্তু আমাজনের ওয়েবসাইটে ‘আসল’ অ্যাপল পণ্য বলে যেসব পণ্য বিক্রি হচ্ছে তার ৯০ শতাংশই নাকি ভুয়া। এ বিষয়ে চটেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। অ্যাপলের নামে ভুয়া পণ্য বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক মোবাইল স্টার নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে অ্যাপল।
অ্যাপলের অভিযোগ, লাইটনিং কেবল থেকে শুরু করে ইউএসবি কেবল, ইউএসবি পাওয়ার অ্যাডাপ্টরসহ অনলাইনে বিক্রি করা অধিকাংশ পণ্যই ভুয়া।
বৃহস্পতিবার ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযোগে করা ওই মামলার আরজিতে বলা হয়েছে, আমাজনে অ্যাপলের নামে বিক্রি হওয়া ১০টি পণ্যের মধ্যে নয়টিই ভুয়া। মামলায় প্রতিটি কপিরাইট ভাঙার জন্য দেড় লাখ ডলার আর ট্রেডমার্ক লঙ্ঘনের দায়ে ২০ লাখ মার্কিন ডলার করে জরিমানা চাওয়া হয়েছে। অ্যাপল কর্তৃপক্ষের ভাষ্য, ভুয়া এসব পণ্য ব্যবহারে আইফোনে আগুন লেগে যেতে পারে যা জনগণের জন্য বড় রকমের ঝুঁকি।
মামলার আরজিতে আরও বলা হয়েছে, গ্রাহকেরা আমাজনের সুনামের ওপর নির্ভর করে। তাই আমাজন থেকে কেনা প্রতিটি পণ্যকে তাঁরা সন্দেহ নাও করতে পারে। মোবাইল স্টার উৎস থেকে আমাজনে যেসব ভুয়া অ্যাপল পণ্য বিক্রি হচ্ছে সেগুলোর যথাযথ সনদ আছে কিনা বা ঠিকভাবে তৈরি কিনা তা মানুষ জানে না। অতিরিক্ত গরম হওয়া, আগুন লাগা কিংবা বৈদ্যুতিক শকের মতো মারাত্মক ঝুঁকি তৈরি করে এ ধরনের ভুয়া পণ্য।
আমাজন কর্তৃপক্ষ এ প্রসঙ্গে এক বিবৃতিতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডারকে বলেছে, তাদের ওয়েবসাইটে ভুয়া পণ্য বিক্রি করলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করে আমাজন। ব্র্যান্ড ও নির্মাতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আর নকলবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে তা-ই করার ইঙ্গিত দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: আইএএনএস।