অ্যাপলের পণ্যের নতুন নকশাবিদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের নকশাবিদ ফিলিপ্পি স্ট্রাক অ্যাপলের নতুন একটি পণ্য তৈরির জন্য কাজ শুরু করেছেন। রেডিও ফ্রান্স ইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে অ্যাপলের নতুন পণ্য তৈরিতে নিজের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন তিনি। তবে তাঁর নকশা করা পণ্যটিকে ‘বৈপ্লবিক’ পণ্য বললেও অ্যাপলের কোনো পণ্যের নকশা করেছেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি। স্ট্রাক জানিয়েছেন, আট মাসের মধ্যেই এ নতুন পণ্যটি বাজারে ছাড়বে অ্যাপল।অ্যাপল পণ্য নকশা করার ক্ষেত্রে এর আগে ফিলিপ্পি স্ট্রাকের কোনো সংশ্লিষ্টতা ছিল না। তবে নতুন পণ্য তৈরির ক্ষেত্রে অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবসের সঙ্গে নিয়মিত সাক্ষাত্ করার কথা জানিয়েছেন এই নকশাবিদ। স্ট্রাক জানিয়েছেন, ‘সাত বছর ধরে মাসে একবার অন্তত স্টিভ জবসের সঙ্গে আমার সাক্ষাত্ হয়েছে। ৫ অক্টোবর স্টিভ জবস মারা যাওয়ার পর আমি এখনো তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাত্ করতে যাই। আমরা স্টিভের স্মৃতি নিয়ে কথা বলি।’নকশাবিদ হিসেবে ফিলিপ্পো স্ট্রাক হোটেল, রেস্টুরেন্ট, টুথব্রাশ, ট্রাভেল কার্ডসহ বেশকিছু পণ্যের নকশা করেছেন। স্পিকারের নকশা করার অভিজ্ঞতাও রয়েছে স্ট্রাকের । এক খবরে ফোর্বস জানিয়েছে, আট মাসের মধ্যে অ্যাপল যেসব পণ্য আনতে পারে সে তালিকায় রয়েছে আইফোন, আইম্যাক, ম্যাকবুক এয়ার, অ্যাপল টিভি। এ সময়ে অ্যাপলের হেডফোনেও পরিবর্তন আসতে পারে বলেও খবর রটেছে।