অ্যাপলের পাঁচ লাখ কম্পিউটারে ভাইরাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠানগুলো গত বৃহস্পতিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের পাঁচ লাখেরও বেশি ম্যাকিনটোশ কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হতে পারে। ট্রোজান নামের একটি মারাত্মক ভাইরাসে কম্পিউটারগুলো আক্রান্ত হতে পারে বলে জানিয়েছে নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠানগুলো। ফিনল্যান্ডভিত্তিক কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান এফ-সিকিউর এবং রাশিয়ার অ্যান্টি-ভাইরাস প্রোগ্রামের প্রবর্তক প্রতিষ্ঠান ড. ওয়েব ম্যাকিনটোশ কম্পিউটারে ট্রোজান ভাইরাসের উপস্থিতি শনাক্ত করেছে। প্রতিষ্ঠান দুটি বলেছে, হ্যাকাররা অ্যাপলের কম্পিউটারগুলোতে এই ভাইরাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আরেকটি কম্পিউটার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ম্যাকআফির গবেষণাগারের পরিচালক ডেভ মারকাস বলেছেন, হ্যাকাররা এখন ম্যাকিনটোশ কম্পিউটারকে তাদের হামলার লক্ষ্যবস্তু করেছে। তবে কেন করেছে তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ম্যাকিনটোশের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। আর এ কারণেই হ্যাকাররা এই কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে তাদের হামলার লক্ষ্যবস্তু করেছে। ম্যাকিনটোশ ব্যবহারকারীরা ভিডিও দেখার সফটওয়্যার অ্যাডোব ফ্ল্যাশ ডাউনলোড করলেই তাঁদের কম্পিউটার এই ভাইরাসে আক্রান্ত হবে। ড. ওয়েবের হিসাব অনুযায়ী, ছয় লাখেরও বেশি ম্যাক কম্পিউটার ট্রোজান ভাইরাসে আক্রান্ত হতে পারে। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো বলছে, এ ক্ষেত্রে ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। নতুন কোনো সফটওয়্যার আগামী কয়েক দিন ডাউনলোড না করাই ভালো হবে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান