অ্যাপলের বিরুদ্ধে জিতল স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপল বনাম স্যামসাং
অ্যাপল বনাম স্যামসাং

পেটেন্ট নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের দীর্ঘ মেয়াদে চলা একটি মামলায় জিতেছে স্যামসাং। যুক্তরাষ্ট্রের একটি আপিল কোর্ট শুক্রবার প্রায় ১২ কোটি মার্কিন ডলারের একটি মামলার রায় দিয়েছে স্যামসাংয়ের পক্ষে। এই রায়কে অ্যাপলের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা পেটেন্ট যুদ্ধে জয় হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।
ওয়াশিংটন ডিসির ফেডারেল সার্কিটের আপিল কোর্ট রায় দিয়ে বলেছেন, স্যামসাং ইলেকট্রনিকস অ্যাপলের ‘কুইক লিংকস’ পেটেন্ট ভঙ্গ করেনি এবং আইফোনের স্লাইড-টু-আনলক ও অটো-কারেক্ট ফিচার অবৈধ। এ ছাড়া স্যামসাংয়ের একটি পেটেন্ট ভঙ্গের জন্য অ্যাপল দায়ী।

স্যামসাংয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আজকের এই রায় গ্রাহক পছন্দের জয়... আর প্রতিযোগিতা হবে বাজারে, আদালতে নয়।’ তবে এ প্রসঙ্গে অ্যাপলের মুখপাত্র কোনো মন্তব্য করেননি।
আপিল কোর্ট রায়ে বলেছেন, নির্দিষ্ট তথ্যের লিংক শনাক্ত করতে অ্যাপলের পেটেন্ট করা প্রযুক্তি স্যামসাং ব্যবহার করেনি। এ ছাড়া অন্যান্য যে অভিযোগ আনা হয়েছে তা আগেই আবিষ্কার করা প্রযুক্তির সঙ্গে মিল আছে।
শিকাগোভিত্তিক পেটেন্ট আইনজীবী ব্রাডলি হালবার্ট বলেন, এ রায় পরিষ্কার বার্তা দেয় যে, অ্যাপল অপরাজেয় নয় এবং অন্যান্য অপারেটিং সিস্টেমও টিকে থাকবে। এর ফলে স্যামসাং বিপণন ও মানসিক দিক দিয়ে ব্যাপক সুবিধা পাবে।
কয়েক বছর ধরে মোবাইল যন্ত্রের প্রযুক্তি নিয়ে অ্যাপল ও স্যামসাং লড়াই করে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে অ্যাপল জয়ী হয়েছে। গত ডিসেম্বরে অন্য আরেকটি পেটেন্ট অভিযোগের মামলায় অ্যাপলকে ৫৪ কোটি ৮২ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হয়েছে স্যামসাংকে। এই রায় নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে স্যামসাং।
সূত্র: রয়টার্স।