অ্যাপলের ব্রাউজারে গুগলের চাতুরী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের তৈরি আইফোন ও আইপ্যাড ডিভাইসে ব্যবহূত সাফারি ব্রাউজারের প্রাইভেসি সেটিংস এড়িয়ে ব্যবহারকারীদের ওপর গোপনে নজরদারি করছে গুগল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জোনাথান মেয়ার গুগলের গোপন নজরদারির এই তথ্য ফাঁস করেছেন। গুগল অবশ্য এই সমস্যার সমাধানে কাজ করছে বলে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক খবরে জানিয়েছে।গবেষক মেয়ার জানিয়েছেন, গুগলের অনেক ওয়েবসাইটে ছোট সফটওয়্যার লুকিয়ে রাখা হয়, যা সাফারি ব্রাউজারের প্রাইভেসি সেটিংস অপশন এড়িয়ে যেতে এবং ব্রাউজার ব্যবহারকারীর কার্যক্রম ট্র্যাক করে রাখতে পারে। সাফারি ব্রাউজার সাধারণত কুকি ডাউনলোড ব্লক করে রাখে। কুকি হচ্ছে ছোট আকারের টেক্সট ফাইল, যা অনলাইনের ব্রাউজিং তথ্য সংরক্ষণ করে রাখে। সাফারি ব্রাউজারের প্রাইভেসি সেটিংস তৃতীয় পক্ষের ওয়েবসাইট হিসেবে বিবেচনা করে গুগলকেও আটকে দেয়। এ কারণেই গুগল তাদের সফটওয়্যার ব্যবহার করে গোপনে তথ্য সংগ্রহ করে রাখে এবং পছন্দ অনুসারে বিজ্ঞাপন দেয়।গুগলের গোপন তথ্য সংগ্রহের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছে এই সার্চ জায়ান্ট। গুগল অবশ্য ঘটনাটিকে স্রেফ ‘অনিচ্ছাকৃত’ বলেই নিজের সাফাই গেয়েছে। এদিকে অ্যাপলের মুখপাত্র বিবৃতি দিয়েছেন যে তাঁরা বিষয়টি নিয়ে সচেতন এবং সাফারি ব্রাউজারের প্রাইভেসি সেটিংস এড়িয়ে কোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইট যাতে বিজ্ঞাপন দিতে না পারে বা তথ্য সংগ্রহ করতে না পারে, এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।