যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে চলছে অ্যাপল কম্পিউটারে ইনকরপোরেটেডের সঙ্গে জড়িত প্রোগ্রামার বা ডেভেলপারদের বার্ষিক আয়োজন অ্যাপল ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার সম্মেলন ২০১৪। সোমবার রাতে সম্মেলন শুরু হয়েছে৷ চলবে শুক্রবার পর্যন্ত৷ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেই বেশ কয়েকটি চমকের খবর জানান অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। তিনি আইফোন ও আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএস-৮ সংস্করণের ঘোষণা দেন। এ ছাড়া ম্যাক ওএসের নতুন সংস্করণ, আইওএসের নতুন প্রোগ্রামিং ভাষা ‘সুইফট’ এবং আইক্লাউডের নতুন ব্যবহারের ঘোষণাও দেন তিনি৷
আইওএস-৮-এ অ্যান্ড্রয়েডের মতো িক-বোর্ড সাজেশন, ট্যাপ টু টক ও ট্যাপ টু শুট ভিডিও সুবিধা, আইম্যাসেজে যুক্ত হয়েছে সেলফ ডিস্ট্রাক্ট মুড ও হেলথ বুক। থাকছে নতুন ফটো অ্যাপ। এই অ্যাপে ছবি সম্পাদনার ভালো কিছু পদ্ধতি যোগ হচ্ছে। এ ছাড়া এয়ারড্রপ সুবিধাটি এখন আইওএস থেকে ম্যাক ওএসএক্স এবং ওএসএক্স থেকে আইওএসে ব্যবহার করা যাবে। যুক্ত হচ্ছে নতুন নোটিফিকেশন সুবিধা। প্রথমবারের মতো, অ্যাপল তাদের কি-বোর্ড সম্পূর্ণ নতুনভাবে সাজাচ্ছে। যুক্ত হচ্ছে আইক্লাউড ড্রাইভ সুবিধা। অনেকটা ড্রপবক্সের মতোই ফোল্ডার ব্যবহার করা যাবে এতে৷ এসেছে ফ্যামিলি শেয়ারিং নামের নতুন সুবিধা। একই পরিবারের ছয়জন সদস্যের ব্যবহারের জন্য যদি একটি ক্রেডিট কার্ড থাকে তবে পরিবারের সব সদস্যই ওই ক্রেডিট কার্ড দিয়ে ক্রয় করা অ্যাপ শেয়ার করতে পারবেন।
এবার সম্মেলনে ৬৯টি দেশ থেকে ডেভেলপাররা অংশ নিয়েছেন। তাঁদের ৭০ শতাংশই প্রথমবারের তো অংশ নিলেন এবার৷ নতুন ওএসএক্সের নাম ঘোষণা করা হয়েছে ইউসিমাইট। এটি ইতিমধ্যে ডেভেলপারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আইওএস-৮ থেকে তৃতীয় পক্ষের তৈরি িক-বোর্ড যুক্ত করা যাবে আইওএসে। সম্মেলনে জানানো হয়, বর্তমানে আইপ্যাড ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি, আইফোন ব্যবহারকারী ৫০ কোটি এবং আইপড টাচ ব্যবহার করে ১০ কোটি মানুষ। গত বছর নতুন অ্যাপল ব্যবহারকারী যুক্ত হয়েছে ১৩ কোটি । অ্যাপলের অ্যাপ স্টোরে বর্তমানে অ্যাপসের সংখ্যা ১২ লাখ। এ অ্যাপ স্টোর থেকে এ পর্যন্ত নামানো অ্যাপের সংখ্যা সাড়ে সাত হাজার কোটি৷
—বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, ম্যাশএবল অবলম্বনে