অ্যাপলের সম্মেলনে নতুন নতুন ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

টিম কুক l এএফপি
টিম কুক l এএফপি

প্রতিবছরের জুন মাসে প্রযুক্তিপ্রেমীদের নজর থাকে অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলনে। কারণ, এই সম্মেলনে একের পর এক নতুন প্রযুক্তির ঘোষণা দেয় অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত সোমবার শুরু হওয়া পাঁচ দিনের ডব্লিউডব্লিউডিসির প্রথম দিনেই বিভিন্ন ঘোষণা এসেছে। সোমবার দিনের শুরুতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক ডব্লিউডব্লিউডিসি ২০১৭-এর মূল বক্তব্য উপস্থাপন করেন। যেখানে তিনি অ্যাপলভক্তদের বহুপ্রতীক্ষিত সিরি স্পিকার থেকে শুরু করে আইওএসের নতুন সংস্করণ সম্পর্কে বলেন। এবারের সম্মেলনে বিশ্বের ৭৫টি দেশ থেকে অতিথি এবং প্রোগ্রামার বা ডেভেলপাররা অংশ নিয়েছেন। প্রযুক্তিবিশ্লেষকদের ধারণা, এটিই এ বছরের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন। সম্মেলনের প্রথম দিনে দেওয়া ২২টি ঘোষণার কয়েকটি থাকছে এখানে।

অ্যাপল টিভিতে অ্যামাজন প্রাইম ভিডিও

অ্যাপল টিভি সম্পর্কে খুব বেশি কিছু বলা হয়নি। এমনকি এ-সংক্রান্ত কোনো হালনাগাদের ব্যাপারেও নয়। তবে শুধু একটি বিষয় উল্লেখ করা হয়েছে, তা হলো অ্যাপল টিভিতে অ্যামাজন প্রাইম ভিডিও আসছে।

অ্যাপ স্টোর

অ্যাপলের অ্যাপ স্টোরকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। বর্তমানে এটিকে দেখতে অনেকটা অ্যাপল নিউজের মতো লাগছে। তবে তা যে খারাপ হয়েছে এমনটা নয়। অ্যাপ স্টোরে ‘ট্যুডে’ এবং আলাদাভাবে গেম এবং অন্যান্য অ্যাপের জন্য ট্যাব চালু করা হয়েছে।

আইওএস ১১

বহুপ্রতীক্ষিত হালনাগাদগুলোর মধ্যে এবারের ডব্লিউডব্লিউডিসি ২০১৭-এর অন্যতমটি হলো আইওএস ১১। অ্যাপল বেশ কিছুদিন ধরেই আইওএস ১১ নিয়ে কাজ করছিল। যার বাস্তবায়ন দেখা যাবে আগামী সেপ্টেম্বরে। ছোট-বড় মিলিয়ে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, আগে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে কিছু নিতে হলে কপি-পেস্ট করতে হতো। কিন্তু এখন আর তা করতে হবে না, শুধু কাঙ্ক্ষিত বিষয়টি টেনে নিয়ে অন্য জায়গায় ছেড়ে দিলেই কাজ সম্পন্ন হয়ে যাবে।

আইম্যাক আপডেট

আইম্যাক কম্পিউটারের নতুন দুটি সংস্করণ আনা হচ্ছে। যাতে থাকবে বেশি গতির র‍্যাম। ২১.৫ ইঞ্চির আইম্যাকে থাকবে ৩২ গিগাবাইট র‍্যাম। অন্যদিকে ২৭ ইঞ্চির আইম্যাকে থাকবে ৬৪ গিগাবাইটের ধারণক্ষমতার র‍্যাম। এ ছাড়া সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) আগের চেয়ে ৫০ শতাংশ দ্রুত কাজ করবে। পাশাপাশি থাকবে উচ্চক্ষমতাসম্পন্ন এএমডি গ্রাফিকস কার্ডও। ৪কে রেজ্যুলেশনের ২১.৫ ইঞ্চির আইম্যাকের দাম শুরু ১ হাজার ২৯৯ মার্কিন ডলার থেকে।

ফিরে এল আইমেসেজ অ্যাপ

একসময়ের জনপ্রিয় মেসেজিং অ্যাপ আইমেসেজ অ্যাপ ফিরিয়ে আনাটা কতটা বুদ্ধিমানের কাজ হবে, তা বলাটা এখন বেশ কঠিন। তবে অ্যাপল এতে কিছু পরিবর্তন নিয়ে আসছে, যা হয়তো আগের চেয়ে আরও সহজ করে তুলবে আইমেসেজকে। এটির মাধ্যমে টাকাও পাঠানো যাবে অ্যাপল পে ব্যবহার করে।

অ্যাপল ওয়াচওএস ৪

অ্যাপল ওয়াচের অপারেটিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। অ্যাপল ওয়াচের পরবর্তী সংস্করণ ওয়াচওএস ৪-এ অ্যাপলের ডিজিটাল সহকারী সিরির ওপর ভিত্তি করে একটি চেহারা থাকবে, যা ব্যবহারকারীর ক্যালেন্ডার, অবস্থান এবং আরও কিছু তথ্যের ওপর ভিত্তি করে পরামর্শ দেবে।

সিরির নতুন কণ্ঠ

সিরি পাচ্ছে নতুন কণ্ঠ। মূল উদ্দেশ্য সিরিকে আরও বাস্তব ও প্রাকৃতিকধর্মী করার। এখন থেকে সিরিকে অনুবাদ করার কাজেও ব্যবহার করা যাবে। এ ছাড়া ব্যবহারকারীর ক্যালেন্ডার, অবস্থান, ফোনে সম্পাদিত বিভিন্ন কাজের মাধ্যমে সিরি একজন ব্যক্তিগত সহকারীর মতো বিভিন্ন বিষয়ে সজাগ করে দিতে পারবে।

অ্যাপল ম্যাপস

অ্যাপল বিভিন্ন শপিং মল এবং এয়ারপোর্টের ম্যাপ যুক্ত করছে। পাশাপাশি ‘ডু নট ডিস্টার্ব’ নামে একটি সুবিধা যোগ করছে, যার মাধ্যমে গাড়ি চালানোর সময় বিভিন্ন নোটিফিকেশন ও বার্তা আসা বন্ধ করা যাবে। আবার স্বয়ংক্রিয়ভাবে কোনো ম্যাসেজের উত্তরও দেওয়া যাবে।

হোমপড

অ্যাপল তাদের নতুন এই স্পিকারের গুণাগুণে বেশ কড়া নজর রেখেছে। গান বাজানোর জন্য বেশ ভালো স্পিকার হতে পারে এটি। সিরির সঙ্গেও এটি যুক্ত করা যাবে। ফলে হোমপডকে অ্যামাজনের ইকোর মতো ব্যবহার করা যাবে। এটি আগামী ডিসেম্বর থেকে ৩৪৯ ডলারের বিনিময়ে পাওয়া যাবে।

মারিফুল হাসান, সূত্র: টেকক্রাঞ্চ, ম্যাশেবল