অ্যাপলের সামাজিক যোগাযোগের সুরেলা সাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সংগীতবিষয়ক সামাজিক যোগাযোগ চালু করল অ্যাপল। সম্প্রতি প্রকাশিত গান শোনার সফটওয়্যার আইটিউনসের নতুন সংস্করণ উপলক্ষে অ্যাপল পিং নামের এ সামাজিক যোগাযোগের সুরেলা সাইট চালু করে। পিংয়ের মাধ্যমে সংগীতপ্রেমীরা ক্ষুদ্র বার্তার জনপ্রিয় ওয়েবসাইট টুইটারের মতোই নিজেদের নেটওয়ার্কের বন্ধু এবং সংগীতজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। শুধু যোগাযোগই নয়, নেটওয়ার্কে থাকা বন্ধুরা কী গান শুনছে, তা-ও জানা যাবে পিংয়ের মাধ্যমে। গবেষকদের মতে, অ্যাপলের নতুন এ সেবার ফলে প্রতিদ্বন্দ্বিতায় পড়বে সংগীতবিষয়ক আরেকটি সামাজিক যোগাযোগের সাইট মাইস্পেস। সান ফ্রান্সিসকোতে আইটিউনসের নতুন সংস্করণ প্রকাশের অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস জানান, ‘সংগীতে আগ্রহী ব্যক্তিদের জন্য পিং একটি পূর্ণাঙ্গ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট এবং আমরা আশাবাদী গ্রাহকদের কাছে সাইটটি বেশ জনপ্রিয়তা পাবে।’ চালু হওয়ার পর পরই ইতিমধ্যে প্রায় ১৬ কোটি গ্রাহক এ সেবা পেতে শুরু করেছেন বলে জানান তিনি। নতুন এ সেবাটি আইটিউনস ১০ সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যাবে। এ ছাড়া আইফোন ও আইপড টাচেও এ সেবা পাচ্ছেন ব্যবহারকারীরা। গবেষকেরা জানান, অনেক দিন ধরে থাকা মাইস্পেসের বর্তমান গ্রাহকসংখ্যা প্রায় ছয় কোটি। তবে পিং চালু হওয়ায় ব্যবহারকারীরা জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের মতোই আগ্রহী হয়ে পড়বে বলে মনে করছেন তাঁরা। মাইস্পেস ছাড়াও এ ধরনের আরও কিছু সাইটও রয়েছে, যেগুলোর গ্রাহক আইটিউনস ব্যবহারকারীদের চেয়ে অনেক কম। এ ছাড়া অ্যাপলের নিজস্ব ওয়েবসাইট থেকেও সম্প্রতি প্রায় এক কোটি ২০ লাখ গানও নামানো হয়েছে বলে জানানো হয়েছে। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী