অ্যাপলের সেরা বাজারের না

‘এখন পর্যন্ত এটাই আমাদের সর্বশ্রেষ্ঠ আইফোন।’ তোতা পাখির মতো বলেছিলেন অ্যাপল ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। যেমনটা বলতেন তাঁর পূর্বসূরি স্টিভ জবস। নতুন পণ্য তো আগের চেয়ে ভালো হবেই। তা-ই স্বাভাবিক। তবে নতুনত্ব কতটুকু, সেটাই ভেবে দেখার বিষয়।
যুক্তরাষ্ট্রের স্যানফ্রানসিসকো শহরের বিল গ্রাহাম মিলনায়তনে ৭ সেপ্টেম্বরে আইফোনের নতুন দুটি সংস্করণ আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস বাজারে ছাড়ার ঘোষণা দেন টিম কুক। সঙ্গে ছিল নতুন স্মার্টঘড়ি অ্যাপল ওয়াচ সিরিজ ২, নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১০ আর এয়ারপডস নামের তারহীন হেডফোন।
তবে বাজার বিশ্লেষকেরা বলছেন, এখন পর্যন্ত অ্যাপলের সেরাটা দিয়েছে, আগের পণ্যের উন্নয়ন করেছে। তবে উদ্ভাবন কই?
নতুন আইফোন
নতুন কিছু সুবিধা যোগ করা হলেও নতুন আইফোনের নকশায় খুব একটা নতুনত্ব নেই। ৪.৭ আর ৫.৫ ইঞ্চি—দুটি সংস্করণের পর্দার আকার সেই একই। তবে ৪০ শতাংশ বেশি গতির প্রসেসর যোগ করা হয়েছে। চাপ সংবেদনশীল হোম বোতাম এখন বুঝতে পারবে ঠিক কী কাজের জন্য তা চাপা হচ্ছে।
সোনালি, রুপালি এবং গোলাপি রঙের সঙ্গে নতুন দুটি কালো রঙে আইফোন ৭ পাওয়া যাবে। চকচকে কালো রঙের সংস্করণটির নাম দেওয়া হয়েছে জেট ব্ল্যাক, অন্যটি শুধু ব্ল্যাক হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হয়। অ্যানটেনার অবস্থানের পরিবর্তন করায় পেছনের অংশের নকশা দেখতে আগের চেয়ে পরিষ্কার মনে হয়। ক্যামেরায় উল্লেখযোগ্য উন্নয়ন করা হয়েছে। আইফোনের তোলা ছবির রং আরও উন্নত হবে। আইফোন ৭ প্লাসের দুটি ক্যামেরার একটি ওয়াইড এবং অন্যটি টেলিফটো লেন্স হিসেবে কাজ করে ছবির গভীরতা বুঝতে পারবে। কিন্তু সেও তো হুয়াওয়ে আগেই বাজারে এনেছে।
হেডফোন জ্যাক-বিতর্ক
নতুন আইফোনের সবচেয়ে বড় পরিবর্তন বোধ হয় যে সাড়ে ৩ মিলিমিটার হেডফোন জ্যাক ছিল, তা থাকছে না। এর কারণ হিসেবে বলা হয়, ধুলা ও পানিরোধী করতে এবং প্রসেসর ও ব্যাটারির জন্য বেশি জায়গা দিতেই এই ব্যবস্থা। এখন হেডফোন যোগ করতে হবে চার্জিং কেব্ল যোগ করার লাইটনিং পোর্টে। আর যাঁরা পুরোনো হেডফোন ব্যবহার করতে চান, তাঁদের লাইটনিং থেকে সাড়ে ৩ মিলিমিটার হেডফোন যোগ করার কনভার্টার ব্যবহার করতে হবে।
তবে আইফোন ব্যবহারকারীদের তারহীন হেডফোন ব্যবহারে অনুপ্রাণিত করছে অ্যাপল। এয়ারপডস নামের তারহীন হেডফোন বাজারে ছাড়ার ঘোষণাও দিয়েছে। তবে তা কিনতে গুনতে হবে ১৫৯ ডলার। হেডফোন জ্যাক বাদ দিয়ে তারহীন যন্ত্র ব্যবহারে উৎসাহিত করার পেছনে কারণ হিসেবে অ্যাপল বলছে ‘সাহস’। তবে অ্যাপলের এই সাহস নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েননি অনেকে। সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ লিখেছে, ‘হেডফোন জ্যাক সরিয়ে ফেলা কোনো সাহসের কাজ না, এটা অ্যাপলের স্বার্থসিদ্ধি। প্রচণ্ড ক্ষমতাধর একটি জায়গায় তারা আছে, এমন একটি জায়গা যেখান থেকে চাইলে তারা ভালো কিছু সরিয়ে এমন কিছুর প্রবর্তন করতে পারে, যা তাদের আরও অর্থের জোগান দেবে। এটা কোনো চক্রান্ত না, এটা ব্যবসায়িক পরিকল্পনা।’

নতুন স্মার্টঘড়ি বরং কিছুটা নতুন
অ্যাপলের স্মার্টওয়াচের নতুন সংস্করণ অ্যাপল ওয়াচ সিরিজ ২ ছাড়ার ঘোষণা দেওয়া হয়। নতুন সংস্করণে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) যোগ এবং পানিরোধী করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে বাজারজাত করা শুরু হবে, দাম শুরু হচ্ছে ৩৭০ ডলার থেকে। স্মার্টঘড়ির জন্য নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম ওয়াচওএস ৩ প্রকাশ করা হয়েছে।
মেহেদী হাসান
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, বিবিসি
নতুন যা কিছু
* নতুন মডেলের দুটি আইফোন-আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস
* নতুন আইফোনে হেডফোন জ্যাক থাকছে না
* চাপ সংবেদনশীল নতুন হোম বোতাম
* আইফোন এখন ধুলা ও পানিরোধী
* আইফোন ৭ প্লাসে ডুয়েল-লেন্স ক্যামেরা
* আইফোনে সুপার মারিও
* জিপিএস সুবিধার অ্যাপল ওয়াচ সিরিজ ২
* অ্যাপল ওয়াচে পোকেমন গো
* অ্যাপল মিউজিকে নতুনত্ব
* আইওয়ার্কে এখন অনেকে মিলে একসঙ্গে কাজ করা যাবে
* আইওএস ১০ প্রকাশ