অ্যাপলের হাতে বিটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটসের হেডফোন
বিটসের হেডফোন

বিটস ইলেকট্রনিকসকে কিনে নেওয়ার তথ্য নিশ্চিত করেছে অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপল বিটসকে কিনছে বলে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে খবর রটেছিল। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিটসকে কিনতে ৩০০ কোটি মার্কিন ডলার খরচ করছে অ্যাপল। বিটস ইলেকট্রনিক মূলত হেডফোন নির্মাতা ও মিউজিক স্ট্রিমিংয়ের প্রতিষ্ঠান হিসেবে বিখ্যাত।
বিটসকে কিনে নেওয়ার ঘোষণা দেওয়ায় অ্যাপলের ৩৮ বছরের ইতিহাসে এটিই হচ্ছে বিশাল অর্থ খরচ করে কোনো প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করার ঘটনা। এই চুক্তির ফলে বিটসের সহ-প্রতিষ্ঠাতা জিমি লোভিন ও অ্যান্ড্রি রোমেল ইয়াং অ্যাপলের সঙ্গে যুক্ত হবেন।
বিটসকে কিনে নেওয়া প্রসঙ্গে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, ‘বিশ্বে সবচেয়ে উদ্ভাবনী  সঙ্গীতসংশ্লিষ্ট পণ্য ও সেবা তৈরিতে কাজ করবে অ্যাপল।’
এতদিন অ্যাপলকে বড় ধরনের কোনো প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করতে দেখা যায়নি। ম্যাক, আইপড, আইফোন, আইপ্যাডের মতো পণ্য তৈরি করার মাধ্যমে নিজেদের ধারণা থেকেই যুগান্তকারী পণ্য তৈরি করে আসছে কুপারটিনো ভিত্তিক প্রতিষ্ঠানটি। তবে ২০১১ সালের অক্টোবরে অ্যাপলের প্রধান নির্বাহী ও ভবিষ্যত্ দ্রষ্টা স্টিভ জবস মারা যাওয়ার পর থেকে আলোড়ন তোলার মতো কোনো পণ্য বাজারে আনতে পারেনি অ্যাপল।

জবস পরবর্তী যুগে অ্যাপল তাঁর জৌলুস হারিয়েছে বলেও ধারণা করেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে অ্যাপলকে সামনে এগিয়ে নিতে বর্তমান প্রধান নির্বাহী টিম কুক বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। বিটস ইলেকট্রনিকসকে কিনে নেওয়ার মাধ্যমে অ্যাপলকে আরও গতিশীল করে তুলতে চান তিনি।