অ্যাপলের হুমকি অ্যামাজনের কিন্ডলে
অ্যামাজনের কিন্ডল হুমকি হয়ে দাঁড়াতে পারে অ্যাপলের আইপ্যাডের জন্য। আর কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসবে অ্যামাজনের এই নতুন ট্যাবলেট পিসি। বেশ কিছু গণমাধ্যম ও প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার ফলে খুব সহজেই ই-বুক, গান ও ভিডিওতে সমৃদ্ধ হবে নতুন এই কিন্ডল ট্যাবলেট। কম মূল্যে বাজারজাত করা হচ্ছে বলে এটির চাহিদাও অনেক বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। সে ক্ষেত্রে বাজার বিশ্লেষকেরা মনে করছেন, এবারের শীতে ভোক্তারা অ্যাপলের আলোড়ন সৃষ্টিকারী ট্যাবলেট আইপ্যাডের দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেও নিতে পারেন।সাধারণত বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের ট্যাবলেট পিসিগুলো বিক্রি হয় ৪৯৯ থেকে ৮২৯ ডলারের মধ্যে। অ্যামাজন কিন্ডলে বিক্রির পরিকল্পনা করেছে ২৯৯ ডলারে। এতে করে এই অর্থবছরের বাকি সময়টায় অ্যামাজন প্রায় ৩০ থেকে ৫০ লাখ ট্যাবলেট বিক্রি করতে পারবে বলে অনুমান করছেন অনেকেই। নিউইয়র্কের গ্রিনক্রেস্ট ক্যাপিটাল ম্যানেজমেন্টের বিশ্লেষক অনুপম পালিত বলেছেন, ‘অ্যামাজন সম্ভবত কিন্ডলের জন্য বেশি দাম নির্ধারণ করবে না। তা ছাড়া এই ট্যাবলেটটি দিয়ে আইপ্যাডেরও কাজ করা যাবে। ফলে তারাই হয়ে উঠতে পারে প্রতিষ্ঠিত আইপ্যাড উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বড় ধরনের প্রতিদ্বন্দ্বী। ইকোনমিক টাইমস।