অ্যাপলের ১২ দিনের উপহার!
এবার গ্রাহকদের জন্য ১২ দিন বিশেষ উপহার দেবে অ্যাপল। অ্যাপলের আইওএসচালিত যন্ত্রে ২৬ ডিসেম্বর থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত বিনা মূল্যে নানা উপহার পাবেন ব্যবহারকারীরা। বড়দিনের সময় চলতে থাকা এ উপহারের মধ্যে পাওয়া যাবে গান, অ্যাপ, বই, সিনেমা ইত্যাদি। ‘টুয়েলভ ডেইজ অব গিফটস’ নামের বিশেষ এ কার্যক্রম নিয়ে ইতিমধ্যে তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ। উপহার পেতে আগ্রহীদের এ অ্যাপটি নামিয়ে নিতে হবে। বিনা মূল্যে এ অ্যাপটি পাওয়া যাবে www.appstore.com/12DaysOfGifts ঠিকানায়। ১২ দিনের এ উপহার কার্যক্রমে বিনা মূল্যেই পাওয়া যাবে উপহারগুলো। সাধারণত অ্যাপলের ব্যবহারকারীদের এসব সেবা ব্যবহার করতে চাইলে কিনতে হয়।
এ কার্যক্রম চলাকালীন প্রতিদিনই আকর্ষণীয় উপহার পাওয়া যাবে। প্রতিদিনের নির্ধারিত উপহারটি থাকবে ২৪ ঘণ্টা পর্যন্ত। এর আগে গত বছর অ্যাপল জনপ্রিয় শিল্পীদের গান, বই ইত্যাদি উপহার দিয়েছিল ব্যবহারকারীদের। তবে এর আগে এ উপহার কার্যক্রম শুধু ইউরোপ, কানাডা এবং জাপানে সীমাবদ্ধ ছিল। এবার এ কার্যক্রমের সুবিধা যুক্তরাষ্ট্রেও পাওয়া যাবে। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম