অ্যাপলের ৬০ শতাংশ সক্রিয় ডিভাইসে আইওএস ১০
চলতি মাসের শুরুর দিকে আইওএস সফটওয়্যারের হালনাগাদ সংস্করণের গ্রহণ হার প্রকাশ করে অ্যাপল। মাসের শেষে অ্যাপলের দেওয়া তথ্য অনুযায়ী, অর্ধেকের বেশি আইওএস চালিত যন্ত্রে হালনাগাদ সংস্করণটির ব্যবহার হচ্ছে।
অ্যাপলের ভাষ্য, অধিকাংশ আইওএস ব্যবহারকারী পুরোনো সংস্করণ ছেড়ে আইওএস ১০ ব্যবহার শুরু করেছেন।
অ্যাপলের ‘অ্যাপ স্টোর ডিসট্রিবিউশন পেজ’ এর তথ্য অনুযায়ী, অ্যাপ স্টোরে আসা প্রায় ৬০ শতাংশ আইওএস সফটওয়্যার চালিত যন্ত্রে আইওএস ১০ ব্যবহৃত হচ্ছে। তবে এখনো ৩২ শতাংশ যন্ত্রে আইওএস ৯ ব্যবহার করা হচ্ছে। তবে এ মাসের শুরুর দিকের তুলনায় আইওএস ১০ ব্যবহারের হার ৬ শতাংশ বেড়েছে।
তবে এখনো ৮ শতাংশ যন্ত্রে আইওএস ৯ এর আগের সংস্করণ ব্যবহার করা হচ্ছে। আইওএস ১০ এর হালনাগাদের হার ধীর বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এই সংস্করণটি উন্মুক্ত হওয়ার তিন দিনের মধ্যে ২২ দশমিক ৩১ শতাংশ যন্ত্রে হালনাগাদ করা হয়েছে। আইওএস ৯ এর ক্ষেত্রে হালনাগাদের রেকর্ড হয়েছিল। তিন দিনে ৫০ শতাংশ আইওএস ৯ হালনাগাদ হয়েছিল।
ব্যবহারকারীদের কাছে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন ফিচার যুক্ত করার ক্ষেত্রে এ ধরনের সংখ্যা গুরুত্বপূর্ণ। কারণ, কোন সফটওয়্যারের কোন সংস্করণ কতজন ব্যবহার করছেন তা হিসেব করে হালনাগাদ ছাড়ে স্মার্টফোন নির্মাতারা। অ্যান্ড্রয়েড ও আইওএসের মধ্যে পার্থক্য তুলে ধরতেও এটি গুরুত্বপূর্ণ। গুগলের অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণ ব্যবহারের কারণে অনেক ব্যবহারকারী ম্যালওয়্যার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
তথ্যসূত্র: এনডিটিভি